ব্রাজিলের 'ভরসা' হতে প্রস্তুত ফ্রেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেড
ফ্রেড

যেন ছিলেন হারিয়ে যাওয়া এক তারা হয়ে। সেই ২০০৫ সালে ব্রাজিলের হয়ে ফ্রেডের অভিষেক। ২০০৬ বিশ্বকাপেও খেলেছেন হলুদ জার্সি গায়ে। সেই ফ্রেডকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। রোনালদিনহো, কাকা, আদ্রিয়ানো, রবিনহোদের ভিড়ে তিনি ছিলেন অনেকটাই ব্রাত্য। দ্বিতীয় দফায় দলের দায়িত্ব নেওয়ার পর হারিয়ে যাওয়া তারাকে ফিরিয়ে এনেছেন লুইস ফেলিপে স্কলারি। সেই ফ্রেড এখন ব্রাজিলের আক্রমণ ভাগের বড় ভরসা।
গত জুনে অনুষ্ঠিত কনফেডারেশনস কাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ফ্রেড। গোল্ডেন বুটটা জিততে পারেননি, সেটি দখল করেন ফার্নান্দো তোরেস। অথচ তোরেসের পাঁচ গোলের চারটিই ছিল ‘অচেনা’ তাহিতির বিপক্ষে। সেখানে ফ্রেডের পাঁচ গোলের দুটি ফাইনালে, একটি গোল করেন সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও।
২০০২ সালে সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু করা ফ্রেড বেশির ভাগ সময় কাটিয়েছেন ঘরোয়া ক্লাবে। বাইরে খেলার অভিজ্ঞতা বলতে শুধু ফরাসি ক্লাবে অলিম্পিক লিওঁতে (২০০৫ থেকে ২০০৯)। এর পর থেকে খেলছেন ফ্লুমিনেনসের হয়ে। ২৯ বছরে এসে ক্যারিয়ারের পুনর্জন্ম হওয়া ফ্রেড সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন বিশ্বখ্যাত ফুটবল সাময়িকী ‘ফোরফোরটু’র

এ মুহূর্তে রিওতে জীবনটা উপভোগ করছেন। আপনার কি মনে হয়, এটাই আপনার ক্যারিয়ারের সেরা সময়?
ফ্রেড: হ্যাঁ, সেটা বলতে পারেন। সবকিছুই ঠিকঠাক চলছে। আমি মনে করি, আমার সামনে আরও পাঁচ বছর ফুটবল ক্যারিয়ার পড়ে আছে। আমি তখনই ফ্লুমিনেনস ছাড়ব, যখন ক্লাব বলবে যে তাদের কাছে ভালো প্রস্তাব আছে অথবা ক্লাব যখন আমার বেতন দিতে পারবে না। ক্লাব ছাড়তে আমি ভয় পাই না, এটা চ্যালেঞ্জের। ফ্রান্সে চার বছর কাটিয়ে সেটা প্রমাণ করেছি। তবে এখানে খেলেই অবসর নিতে চাই।

ইউরোপের জীবন মিস করেন?
ফ্রেড: আমি ব্রাজিলকে ভালোবাসি। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে ইউরোপে সবকিছু এখানকার চেয়ে ভালো। স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা...। খাবারের জন্য বিখ্যাত লিওঁ শহরে ছিলাম বলে সেখানকার রেস্তোরাঁগুলোও মিস করি। কিছু সমস্যাও ছিল। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় এবং মেয়ের কাছ থেকে দূরে থাকার কারণে অনেক সময় বিষণ্ন লাগত। এটাও ঠিক, ফরাসি লোকজন খুব বন্ধুভাবাপন্ন। সমুদ্রসৈকতে হাঁটতে গেলে অনেকেই ‘হাই’ বলত। ফুট-ভলি খেলতে, রেস্টুরেন্ট বা পানশালায় যেতে আমন্ত্রণ জানাত। মনে হতো সবাই যেন আমার রিওর বন্ধু।

চার বছর আগে বলেছিলেন, প্রিমিয়ার লিগ আপনার ভালো লাগে না, ব্রাজিলের চেয়ে ভালো লিগ কেবল স্পেনেই। এখনো তা-ই মনে করেন?
ফ্রেড: না, আমি প্রিমিয়ার লিগ পছন্দ করি। সেখানকার পরিবেশ দারুণ। স্টেডিয়ামগুলো দর্শকে ঠাসা থাকে। পয়েন্ট টেবিলে ক্লাবগুলোর অবস্থান কী, এটা ব্যাপার নয়। প্রিমিয়ার লিগে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার সিটি, লিভারপুল এমন অনেক শক্তিশালী ক্লাব রয়েছে। অন্যদিকে স্প্যানিশ লিগ কেবল দুই দলের লড়াই।

কখনো আপনার ইংল্যান্ডে খেলার সম্ভাবনা ছিল?
ফ্রেড: ফ্লুমিনেনসের সঙ্গে চুক্তিবদ্ধ (২০০৯) হওয়ার আগে টটেনহাম থেকে প্রস্তাব পেয়েছিলাম। আমার ভাই, একই সঙ্গে যে আমার এজেন্টও, মৌখিকভাবে সম্মত হয়েছিল। কিন্তু আমি তখন ব্রাজিলে ফিরে আমার মেয়ের কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিই। পেশাদার দৃষ্টিকোণ থেকে দেখলে টটেনহামই আমার জন্য ভালো হতো। কিন্তু অল্প বেতন হলেও আমি ব্রাজিলেই ফিরে আসি। এটা ছিল আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।

আপনার কি মনে হয় যে বাইরে খেললে ক্যারিয়ারে আরও বেশি সফলতা  পেতেন?
ফ্রেড: এটা বলা কঠিন। যেমন লিওঁতে খেলার সময় এসি মিলানে যাওয়া নিয়ে কথা হচ্ছিল। সেখানে যদি যেতাম, কী হতো অনুমান করা কঠিন। লিওঁতে আরও দু-তিনটা বছর কাটানোর আগ্রহ ছিল। ইচ্ছা ছিল এরপর রিয়াল মাদ্রিদ, মিলান বা ইন্টারের মতো বড় ক্লাবে খেলব। কিন্তু স্ট্রাইকারদের মধ্যে লিওঁর আবর্তন নীতির কারণে খুব বেশি খেলার সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু আমার খেলার দরকার ছিল। এ কারণে ফ্লুমিনেনসে যোগ দিই। ভেবেছিলাম, আমাকে বসিয়ে রেখে ওরা নিজেদের ক্ষতি করবে না। কিন্তু এখানে  দুটি ম্যাচে গোল না পেলেই অনেকে বলতে শুরু করে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কিন্তু এই চাপটাকে আমি পছন্দ করি। এটা আমার দরকারও।

ইনজুরি জর্জরিত দিনগুলোতে ফিরে যাওয়ার আশঙ্কা পেয়ে বসে না কখনো?
ফ্রেড: সত্যি বলতে কিম ব্যাপারটা নিয়ে ভাবি না। তিনটি অ্যাডাকটর মাসলের দুটিই ছিঁড়ে গিয়েছিল। চিকিত্সকেরা আশঙ্কা করেছিলেন, আমি বোধ হয় আর খেলতে পারব না। এমনকি পা-ও তুলতে পারব না। সেটা আমাকে ক্ষতিগ্রস্ত করেছিল। কিন্তু এখন আমি সব কিছু স্বাভাবিকভাবে করতে পারি।

কোচ হয়ে ফেরার পর স্কলারি ব্রাজিল দলে নতুন কী যোগ করেছেন?
ফ্রেড: স্কলারি আমার ওপর আস্থা রেখেছেন। তিনি ও পেরেইরা (টেকনিক্যাল ডিরেক্টর কার্লোস আলবার্তো) যখন কথা বলেন, আমরা মন দিয়ে শুনি। কোনো প্রশ্ন করার প্রয়োজন মনে করি না।

কনফেডারেশনস কাপের ফাইনালে স্পেনকে হারানোর পর ব্রাজিল কি বিশ্বকাপের জন্য প্রস্তুত?
ফ্রেড: আমাদের আরও উন্নতি দরকার। বিশ্বকাপ আরও কঠিন হবে। সেখানে আর্জেন্টিনা, জার্মানির মতো দল থাকবে। দুটি দলই এই মুহূর্তে বেশ ভালো অবস্থায় আছে। তবে আমাদের হাতে আছে বেশ খানিকটা সময়। ঘরের মাঠে আত্মবিশ্বাসটাও ভালো থাকবে। আগে প্রতিপক্ষ আমাদের খুব বেশি গুরুত্ব দিত না। তবে এখন আমরা প্রমাণ করেছি, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের রয়েছে।

আর ৯ নম্বর জার্সির দায়িত্ব কাঁধে নিতে আপনি প্রস্তুত?
ফ্রেড: আমি প্রস্তুত এবং উজ্জীবিত। সেলেসাওদের হয়ে যেভাবে উদ্দীপনা নিয়ে খেলছি, একইভাবে ক্লাবের হয়ে খেলতে চাই।

ব্রাজিলের হয়ে সফল হওয়ার পর আপনার ওপর সবার দৃষ্টি। মাঠের ভেতরে ঢুকে এক ভক্ত যখন আপনার বুটে চুমু খেল, কেমন লেগেছিল?
ফ্রেড: আমি তো ওকে নিয়ে চিন্তিত ছিলাম। যখন এমন কিছু ঘটে, মাঠকর্মীরা সাধারণত ভদ্র আচরণ করে না। তাই আমি তাকে মাঠের বাইরে চলে যেতে বলি।  তাকে বলি যে পরে আমরা একসঙ্গে ছবি তুলব। ব্যাপারটা মজার লাগলেও এর মধ্য দিয়ে ব্রাজিলীয় স্টেডিয়ামগুলোর নিরাপত্তা সমস্যাটা আবারও বেরিয়ে এসেছে।

এক নারী ভক্তের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা গেছে আপনাকে। লেডিকিলার হিসেবেও আপনার পরিচিতি আছে। ব্যাপারটা নিশ্চয়ই উপভোগ করেন?
ফ্রেড: কনফেডারেশনস কাপের পর থেকে আমি ভক্তদের মনোযোগের কেন্দ্র, বিশেষ করে নারীদের। অনেক সময় এটা বিব্রতকরও। একদিন ফ্লুমিনেনসের সঙ্গে অনুশীলন করছিলাম। হঠাত্ এক নারী সেখানে ঢুকে পড়ে আমাকে জানায়, সে তার শরীরে আমার নাম ট্যাটো করেছে। তবে তা জনসম্মুখে দেখানো যাবে না। ওই নারী আমাকে চুমু দেওয়ার, জড়িয়ে ধরার চেষ্টা করেছিল। কিন্তু আমি তার উদ্দেশ্যটা বুঝতে পেরেছিলাম!