১৯৮৮ সালের সিউল অলিম্পিকের দুঃখ রোমারিও ভুলেছিলেন ১৯৯৪ বিশ্বকাপে। কিন্তু ব্রাজিল যে ভুলতে পারল না আজও।সিউলেই সোনার সবচেয়ে কাছাকাছি গিয়েছিল ব্রাজিল। ২২ বছরের রোমারিও সেবারের অলিম্পিকে আগামীর মহাতারকা হয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। করেছিলেন ৭ গোল। তাঁর সপ্তম গোলটির সৌজন্যেই ফাইনালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ২৯ মিনিটের সেই গোল ৬৩ মিনিটে পেনাল্টি থেকে শোধ করেন ইগর দোব্রোভোলস্কি। ১-১ সমতায় থাকা ম্যাচটি যখন টাইব্রেকারে যাচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই ইউরি সাভিচেভের গোল। সিউল অলিম্পিক স্টেডিয়ামের ৭৪ হাজার মানুষ দেখে কান্নাভেজা পরাজিত ব্রাজিল দলকে।এর পর আর কখনোই অলিম্পিক ফুটবলের ফাইনালে ওঠেনি তারা। যদিও এরপর বিশ্বকাপ জিতেছে আরও দুবার। সব মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ, আটটি কোপা আমেরিকা, তিনটি কনফেডারেশনস কাপ জেতা ফুটবল ইতিহাসের সর্বকালের সফলতম দল ব্রাজিল এই একটা টুর্নামেন্টেই ব্যর্থ। অলিম্পিকে ১১ বার অংশ নিয়েও সোনার হরিণ ধরতে পারল না ফুটবলের দেশটি। এ নিয়ে কদিন ধরে অনেক কথা হয়েছে। সামনে আরও হবে। তবে সব আলোচনার সমাপ্তি টেনে দিতে পারে এবার মানো মেনেজেসের দল। সেজন্য ১১ আগস্ট ওয়েম্বলির ফাইনাল জিততে হবে। সে অনেক দূরের পথ। আপাতত যাত্রা শুরু হচ্ছে গ্রুপ পর্বে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘মিশন অলিম্পিক’ শুরু করছে ব্রাজিল। মাঠে নামার আগে কোচ মেনেজেস কোনো ভণিতা না করে বলেছেন, সোনা তাঁদেরই চাই-ই চাই, ‘ব্রাজিলের সমর্থকদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। সোনা জেতাটা আমাদের স্বপ্ন। এই একটা শিরোপাই আমরা শুধু জিতিনি। সোনা জেতার সামর্থ্য আমাদের আছে। যদিও নিজেদের ফেবারিট মনে করছি না আমরা।’ব্রাজিল অবশ্যই অন্যতম ফেবারিট। দলে নেইমার, অস্কার, লুকাসদের মতো সব তরুণ তুর্কি আছেন। আছেন থিয়াগো সিলভা, হাল্ক, মার্সেলোদের মতো অভিজ্ঞরাও। অবশ্য মাঠে নামার আগে একটা ধাক্কা সইতে হয়েছে ব্রাজিলের তরুণ দলটিকে। চোট গোলরক্ষক রাফায়েল কাব্রালকে ছিটকে দিয়েছে অলিম্পিক থেকেই। সেই ধাক্কা সামলেই এখন হিসাব কষছে ব্রাজিল।১৬ দলের এই টুর্নামেন্টের প্রথম দিনে আজ মাঠে নামছে সবগুলো দলই। জাপানের বিপক্ষে খেলবে স্পেন। সেনেগালের মুখোমুখি হবে আরেক ফেবারিট গ্রেট ব্রিটেন। ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। ম্যাচটি অবশ্য দেখাচ্ছে না ইএসপিএন। ওয়েবসাইট।