ব্রাজিলের ‘স্বর্ণ’সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিক শুরুর আগে অনেকেই ফেবারিটের মর্যাদা দিয়েছিলেন স্পেন ও উরুগুয়েকে। কিন্তু গ্রুপ পর্বেই লজ্জাজনক বিদায় নিতে হয়েছে এই দুই দলকে। কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে গ্রেট ব্রিটেনও। ফুটবলে ঐতিহ্যবাহী এই তিন দলের অনুপস্থিতিতে এক অধরা মাইলফলক স্পর্শের সুযোগ এসেছে ব্রাজিলের সামনে। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল হয়তো এবারই পেয়ে যেতে পারে অলিম্পিক ফুটবলে প্রথম সোনা। সুন্দর পারফরম্যান্সের পিঠে চেপে অলিম্পিক ফুটবলে সেমিফাইনালে উঠে গেছে তারা। এখন অপেক্ষা কেবল দুটো ম্যাচের। এই দুই ম্যাচ জিতলেই ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক শ্রেষ্ঠত্বের স্বাদ পাবেন মনো মেনেজেসের শিষ্যরা। ব্রাজিলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ফুটবলে এ সময়ের সেরা স্পেন। সাম্প্রতিক সময়ে ফুটবলে প্রায় সব শিরোপাই জিতেছে স্প্যানিশ জাতীয় দল। দলটি ‘অন্য গ্রহের’ ফুটবল খেলছে কি না, এ নিয়েও আলোচনা তুঙ্গে। কিন্তু অলিম্পিক ফুটবলে এক যুগ পর খেলতে আসা স্পেনের অনূর্ধ্ব-২৩ দলের লন্ডন অভিযাত্রাটা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়াই উচিত। ‘ডি’ গ্রুপে জাপান ও হন্ডুরাসের কাছে হেরে এবং মরক্কোর সঙ্গে গোলশূন্য ড্র করে শূন্য হাতেই ফিরতে হয়েছে তাদের। এবারের অলিম্পিক ফুটবলে একমাত্র দল স্পেন, যারা প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি। স্পেনের অনুপস্থিতি ব্রাজিলের সামনে অলিম্পিক সোনা জয়ের সুযোগ এনে দিয়েছিল আগেই। একে একে উরুগুয়ে ও গ্রেট ব্রিটেনের বিদায় ব্রাজিলকে এই মুহূর্তে দাঁড় করিয়েছে ইতিহাস গড়ার সন্ধিক্ষণে। ব্রাজিল কি পারবে এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে?স্পেনকে আকস্মিক হারের স্বাদ দেওয়া হন্ডুরাস কোয়ার্টার ফাইনালে দাঁড়িয়েছিল ব্রাজিলের সামনে। প্রথমে এগিয়েও গিয়েছিল ১-০ গোলে। ৩৩ মিনিটের মাথায় ডিফেন্ডার ক্রিস্টিয়ানো উইলবার লাল কার্ড না দেখলে হয়তো তারাও বিপজ্জনক হয়ে উঠত ব্রাজিলের জন্য। শেষ পর্যন্ত নয়জনের হন্ডুরাসের বিপক্ষে ৩-২ গোলে জিতে ঘামঝরানো জয় পেয়ে ব্রাজিল হাতে নিয়েছে সেমিফাইনালের টিকিট; বিপক্ষ দক্ষিণ কোরিয়া। এখন অপেক্ষা ‘স্বর্ণ’সুযোগের।অলিম্পিক শ্রেষ্ঠত্ব কি এবার ধরা দেবে? আক্ষেপটা যে অনেক বছরের! ওয়েবসাইট।