
তার ডাক নামটা বেশ অদ্ভুত। মসকিটো! মানে কিনা মশা! সেই মশার কামড়েই ক্ষতবিক্ষত স্লোভাকিয়া। মসকিটোর হ্যাটট্রিকে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্লোভাকিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে শুরু করেছে ব্রাজিল। নাথান করেছে জোড়া গোল। হলুদ জার্সির হয়ে অন্য গোলটি কাইয়োর।
১৯৮৫ সালে শুরু হওয়া ফিফার এই দ্বিবার্ষিক টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল। নাইজেরিয়ার সঙ্গে যৌথ সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে তারা। কিন্তু গত কয়েকটি টুর্নামেন্টে হতাশা নিয়ে ফিরতে হয়েছে ব্রাজিলকে। গতবার হয়েছে চতুর্থ। ২০০৫ সালের আসরটিতে হেরে গিয়েছিল ফাইনালে।
সেই হতাশা মুছে দেওয়ার প্রতিজ্ঞায় এবারের শুরুটা দুর্দান্ত হলো ব্রাজিলের আগামীর তারকাদের। আবুধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে স্রেফ ছেলেখেলাই করল ব্রাজিলের ছেলেরা। ১৭ মিনিটে গোল উত্সবের শুরুটা মসকিটোই করেছিল। ৩১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটির পর ৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সে। নাথানের গোল দুটো এসেছে প্রথমার্ধের শেষে আর দ্বিতীয়ার্ধের শুরুতে। কাইয়ো গোল করেছে ৫৬ মিনিটে। ৬৮ মিনিটে স্লোভাকিয়ার সান্ত্বনার গোলটি করে ভাভরো।