ব্রাজিল-আর্জেন্টিনা গলাগলি ধরে
১৩ জুলাই। মারাকানা। একপাশে নীল-সাদা ঢেউ, অন্যপাশে হলুদ-স্রোত। হবে?
ইতিহাসে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনাল বিশ্বকাপ দেখবে কি না, সে তো ভবিষ্যতের সিন্দুকে তালা-চাবি মেরে গোপন করে রাখা। তবে এরই মধ্যে এমন কিছু একটা ঘটে গেছে, যেটা আগের ১৯টি বিশ্বকাপে কখনোই ঘটেনি। এই প্রথম শেষ চারে ব্রাজিল আর আর্জেন্টিনা!
এর আগে ব্রাজিল শেষ চারে উঠেছে ১০ বার। আর্জেন্টিনা চারবার। আশ্চর্যের বিষয়, যে কবার ব্রাজিল উঠেছে শেষ চারে, আর্জেন্টিনা বিদায় নিয়েছে আগেভাগে। ভাইস ভার্সা! আর্জেন্টিনা যেবার শেষ চারে উঠেছে, ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তার আগেই।
সালগুলো দেখুন। ব্রাজিল এর আগে শেষ চারে উঠেছে ১৯৩৮, ১৯৫০, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৭৪, ১৯৭৮, ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ সালে। আর আর্জেন্টিনা ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬ আর ১৯৯০ সালে। দুদল মিলে ১৪ বার শেষ চারে উঠলেও একবারও দুদল একই সঙ্গে শেষ চারে ওঠেনি!
তবে দুদলের ভক্তরা তো শুধু শেষ চারেই তৃপ্ত হবে না, ফাইনালে মুখোমুখি হলেই না সবচেয়ে ভালো হয়! আশার প্রহর গুনতে শুরু করে দিন। আগের ১০ বারের সাতবারই শেষ চারের বৈতরণি পার হয়েছে ব্রাজিল। আর আর্জেন্টিনা? চারবার সেমিতে উঠে চারবারই গেছে ফাইনালে!