ব্রাজিল-স্পেনের কেউ নেই স্বপ্নের দলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল-স্পেনই সবচেয়ে ফেবারিট। কারও কারও মুখে উঠছে আর্জেন্টিনা, জার্মানিরও নাম। কিন্তু সম্প্রতি এক গবেষণা দেখাচ্ছে ব্রাজিল বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট দুই দল জার্মানি ও উরুগুয়ে!
যুক্তরাজ্যের ক্রীড়া তথ্য-উপাত্তের বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার এই বিশ্লেষণটা অভিনব । এমনিতে মৌসুম শেষে প্রতিটি লিগেই মৌসুমের সেরা দল বাছাই করার চল আছে। অপটা সেখানে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের (স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইতালি) খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করে বেছে নিয়েছে সেরা একাদশ। যা তাদের চোখে ‘ড্রিম টিম’—স্বপ্নের একাদশ৷
২৫০টিরও বেশি ক্যাটাগরির ভিত্তিতে মৌসুমজুড়ে প্রতিটি লিগের প্রতি ম্যাচের প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্স বিশ্লেষণ করেছে তারা। প্রতিটি ম্যাচেই অন্তত দুই হাজার ডেটা পয়েন্ট রেকর্ড করা হয়েছে । মৌসুম শেষে পাওয়া পয়েন্টের ভিত্তিতে প্রতিটি পজিশনের খেলোয়াড়দের জন্য করা হয়েছে আলাদা র‌্যাঙ্কিং । র্যাঙ্কিংয়ের সেরারাই শুধু জায়গা পেয়েছেন ড্রিম টিমে৷ যে দলে আছেন জার্মানি ও উরুগুয়ের দুজন করে খেলোয়াড়। জার্মানির ফিলিপ লাম ও মার্কো রয়েস। উরুগুয়ের ডিয়েগো গডিন ও লুইস সুয়ারেজ। ব্রাজিল, স্পেনের কারও জায়গা হয়নি!
পরিসংখ্যান বলছে, মৌসুমে লাম ৯২ শতাংশ নিখুঁত পাস দিয়েছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রয়েস ৪০টি গোলের সঙ্গে সরাসরি জড়িত। চোটের কারণে বিশ্বকাপে হঠাৎই অনিশ্চিত হয়ে পড়া সুয়ারেজ সবচেয়ে বেশি ৪৩টি গোলের সঙ্গে সরাসরি জড়িয়ে, যার ৩১টি করেছেন তিনি নিজেই । সময়ের সেরা দুই ফুটবলার মেসি-রোনালদোকে ছাড়া স্বপ্নের একাদশ হয় নাকি? অপটার গবেষণায় সেরা একাদশে ঠাঁই পেয়েছেন মেসি-রোনালদো দুজনই৷
ভাবছেন এত কষ্ট করে এমন একটা কঠিন গবেষণা করে অপটার লাভ কী? বিশ্বকাপ উপলক্ষে অনেক শ্রমের বিনিময়ে বের করে আনা এই একাদশ তারা তুলে দিয়েছে বাজিকর প্রতিষ্ঠান উইলিয়াম হিলকে। রয়টার্স।
ড্রিম টিম
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (বেলজিয়াম, অ্যাটলেটিকো)
ডিফেন্ডার: ফিলিপ লাম (জার্মানি, বায়ার্ন), ডিয়েগো গডিন (উরুগুয়ে, অ্যাটলেটিকো), জর্জো কিয়েলিনি (ইতালি, জুভেন্টাস), লেটন বেইন্স (ইংল্যান্ড, এভারটন)।
মিডফিল্ডার: আরতুরো ভিদাল (চিলি, জুভেন্টাস), মার্কো রয়েস (জার্মানি, ডর্টমুন্ড), ইয়াইয়া তোরে (আইভরিকোস্ট, ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ (উরুগুয়ে, লিভারপুল), লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ)।