ব্রাজুকা তুমিও...

জন্মলগ্ন থেকেই নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস ব্রাজিল বিশ্বকাপের ম্যাচ বল ব্রাজুকাকে সর্বোচ্চ নিখুঁত বলে দাবি করে আসছে। গত দেড় বছরে ব্রাজুকা বলটি বিশ্বের ১০ দেশের ৬০০ ফুটবলার পরীক্ষা করে দেখেছেন। মেসি, ক্যাসিয়াস, শোয়েনস্টাইগার, জিদানের মতো ফুটবলাররা ছিলেন এই দলে। ফুটবলাররা কেউই হতাশ নন। দাবির সমর্থনে বলেছে অ্যাডিডাস। ৪৩৭ গ্রাম ওজনের বলটি বৃষ্টিতেও আচরণ বদলাবে না একবিন্দুও। কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করা কি সহজ? ব্রাজুকা শেষ পর্যন্ত সেটি পারল না।
ব্রাজুকা খুব হালকা বলে এ নিয়ে সন্তুষ্ট নন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা, ‘বলটি খুব ঝামেলার, ওজনে অনেক হালকা৷ তবে আমরা এটির সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছি।’
এবারই প্রথম নয়৷ প্রায় প্রতিটি বিশ্বকাপেই সমালোচনার মুখে পড়ে ফুটবল। গত বিশ্বকাপেও জাবুলানি ফুটবলের ঘাড়ে জোটে ‘বাজারের বল’ তকমা। ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজার বিরক্ত হয়ে দিয়েছিলেন এই নাম। জাবুলানি বাতাসে সোজা আসে না বলে দাবি করেছিলেন আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা। ব্রাজিল ফরোয়ার্ড রবিনহো বলেছিলেন, ‘এটি নিশ্চিত যে লোকটি বলটির নকশা করেছে, সে জীবনে কখনো ফুটবলে লাথি মারেনি৷’ ২০০২ বিশ্বকাপের বল অ্যাডিডাস ফিভারনোভাকে গায়ে মাখতে হয়েছে অপবাদ। এএফপি৷