ব্রাজুকায় স্বপ্নপূরণ যাঁর

আর কয়েক দিন পর থেকে একটা গোলাকার বস্তুই কেড়ে নেবে পুরো বিশ্বের মনোযোগ। বিশ্বকাপের বল— ‘ব্রাজুকা’। শুধু মাঠের ২২ জন খেলোয়াড়ই না, পুরো বিশ্বের ফুটবলপ্রেমীরাই তাকিয়ে থাকবেন এই বলটির দিকে। সবার মনোযোগ কেড়ে নেওয়া এই বলটা কোথায় বানানো হয়, সেটা খুঁজতে গিয়ে জানা গেল চমকপ্রদ এক গল্প। একটা স্বপ্নপূরণের গল্প। বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যেমন অনেক ফুটবলারের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, তেমনি স্বপ্নপূরণ হতে যাচ্ছে পাকিস্তানের এক বল প্রস্তুতকারীর।
২০০৬ সালে টিভির পর্দায় বিশ্বকাপ দেখতে দেখতেই ব্যাপারটা মাথায় এসেছিল খাজা আকতারের। আকতার একজন ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্ণধার। শিয়ালকোটে তাঁর একটি কারখানা আছে। সেখানে তৈরি হয় বল। এই আকতারই সেদিন স্বপ্ন দেখেছিলেন তাঁর কারখানায় তৈরি বল দিয়েই একদিন বিশ্বকাপের খেলা হবে। তাঁর স্বপ্নটা যে অলীক কিছু ছিল না, সেটা প্রমাণিত হয়ে গেছে আট বছরের মাথায়ই। তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে। এবারের বিশ্বকাপে থাকবে খাজা আকতারের কারখানায় তৈরি হওয়া বলও।
ক্রিকেট-হকি-স্কোয়াশের দাপটে ফুটবল কখনোই খুব জনপ্রিয় কিছু ছিল না পাকিস্তানে। তবে পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরটি কিন্তু বিখ্যাত ফুটবল প্রস্তুতকারী শহর হিসেবে। অ্যাডিডাস-নাইকি কিংবা অন্য ব্র্যান্ডের বলের একটা বড় চালান আসে এই শিয়ালকোট থেকেই। খাজা আকতারের প্রতিষ্ঠান ফরোয়ার্ড স্পোর্টস লিমিটেডও এমনভাবে বল তৈরি করে তা পাঠায় বিভিন্ন দেশে। তাঁর প্রতিষ্ঠানে তৈরি বল ব্যবহূত হয় জার্মান লিগ, ফরাসি লিগ। এমনকি উয়েফা চ্যাম্পিয়নস লিগেও ফরোয়ার্ড স্পোর্টসের তৈরি বলে খেলা হয়েছে।
এবারের বিশ্বকাপের বল বানানোর জন্য চীনের সঙ্গে চুক্তি করেছিল অ্যাডিডাস। কিন্তু চীনের কিছু প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী বল সরবরাহ করতে না পারায় অ্যাডিডাস বাধ্য হয়েছিল বিকল্প খুঁজতে। এটা জানতে পেরেই সুযোগটা লুফে নিয়েছিলেন খাজা। অ্যাডিডাসের কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের কারখানায়।
শুরুতে মোটেই সন্তুষ্ট হতে পারেননি অ্যাডিডাসের কর্মকর্তারা। তাঁরা নাকি বলেছিলেন, ‘এখানে আদিম যুগের যন্ত্রপাতি ব্যবহার করা হয়।’ কিন্তু খাজা দমে যাওয়ার পাত্র নন। মাত্র ৩৩ দিনের মধ্যে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি বানিয়ে কারখানাকে বিশ্বকাপ বলের উপযোগী করে তুলেছিলেন। এটাই নাকি ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন কাজ। সে সময়ের কথা স্মরণ করে খাজা বলেছেন, ‘সেটা খুবই কঠিন ছিল। সম্ভবত সেটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ।’
কঠোর পরিশ্রম বৃথা যায়নি। সন্তুষ্টই হয়েছিলেন অ্যাডিডাসের কর্মকর্তারা। আর এখন বিরতিহীনভাবে বল বানিয়ে যাচ্ছেন খাজার কারাখানার শ্রমিকেরা। শুধু বল বানানোর উপযোগী যন্ত্রপাতিই না, কাজের পরিবেশ, শ্রমিকদের বেতন-ভাতা ইত্যাদি দিক দিয়েও অ্যাডিডাসকে সন্তুষ্ট রাখতে হচ্ছে খাজাকে।
তো, যার জন্য এত কিছু, সেই বিশ্বকাপের সময়টা কী করবেন খাজা ও তাঁর কারখানার শ্রমিকেরা? শাকিলা আশরাফি নামের একজন জানিয়েছেন নিজের পরিকল্পনা, ‘আমরা সবাইকে ডেকে নিয়ে আসব বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য। আমি চাই, সবাই দেখুক যে আমরা কী বানাই আর সেই বলগুলো কোথায় যায়।’ রয়টার্স