ব্রাড হজ জানেন না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচেই দুর্দান্ত এক ইনিংস খেলে খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে বরিশাল বার্নার্সকে জিতিয়েছিলেন তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান মমিনুল হক। কিন্তু আজ ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে এই ইনফর্ম ব্যাটসম্যানের কোনো ভূমিকা না থাকায় অবাক করেছে সবাইকে। ব্রাড হজ ও আহমেদ শেহজাদের উড়ন্ত সূচনার পর মিথুন আলী ও রমিজ রাজা জুনিয়র যখন দলের রানের চাকা জোরসে ঘোরাতে পারছিলেন না, ঠিক তখনই মমিনুলের প্রয়োজনীয়তাটা অনুভূত হচ্ছিল বেশ ভালোভাবেই। কিন্তু সবার অবাক হওয়ার আরও বাকি ছিল। রমিজ রাজা জুনিয়রের বিদায়ের পর পুরো স্টেডিয়ামকে অবাক করে দিয়ে মাঠে নামলেন কবির আলী। মমিনুল মাঠে নামলেন ঠিকই, এমন সময় নামলেন, যখন নামা আর না নামা একই কথা।ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহরিয়ার নাফীসের বদলে বরিশাল বার্নার্সের অধিনায়কত্ব করা ব্রাড হজকে মুখোমুখি হতে হলো সেই অপ্রিয় প্রশ্নের। কেন মমিনুলের আগে কবির আলী? এই ‘কৌশল’-এর নেপথ্য কারণ কী?ব্রাড হজ পেশাদার। বলে দিলেন, তিনি এ ব্যাপারটির কিছুই জানেন না। কেন মমিনুলকে আগে নামানো হলো না। পুরো ব্যাপারটি চাপিয়ে দিলেন টিম ম্যানেজমেন্টের ওপর।‘আপনি না দলের অধিনায়ক? এর মানে দলের ব্যাটিং অর্ডার ঠিক করার সময় আপনার পরামর্শ নেওয়া উচিত নয় কি?’ অভিজ্ঞ সাংবাদিকের প্রশ্ন। এর উত্তরে তেমন কিছুই বলতে পারলেন না হজ। কেবল কাঁধ ঝাঁকিয়ে অসি স্টাইলে বললেন, ‘হয়তো নেওয়া উচিত। আপনি টিম ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করুন।’এবার সবার আরও একবার অবাক হওয়ার পালা!