ব্রাত্য হয়ে পড়লেন ক্যাসিয়াস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ নাকি ডাগ-আউট—কোনখানে যে ক্যামেরা ধরা হবে, যেন বুঝেই উঠতে পারছিল না স্প্যানিশ লিগের সম্প্রচারকেরা। মাঠে খেলা চলছে। সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এদিন যে ডাগ-আউটও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আর তাই খেলার ফাঁকে ফাঁকে একাধিকবার ক্যামেরায় ধরা হলো রিয়াল মাদ্রিদের বেঞ্চ। যেখানে বসে আছেন ইকার ক্যাসিয়াস!পরশু প্রায় অবিশ্বাস্য একটা ঘটনা ঘটালেন হোসে মরিনহো। রিয়ালের আগের নয় কোচ যা করতে পারেননি, সেটাই করার দুঃসাহস দেখালেন। বাদ দিয়ে দিলেন ক্যাসিয়াসকে। কিন্তু এই জুয়ায় তাঁকে হারতে হলো চরমভাবে। ক্যাসিয়াসের বদলে রিয়ালের গোলবারের নিচে দাঁড়ানো আন্তোনিও আদান খেলেন ৩ গোল। এই মৌসুমে ২৩ ম্যাচে মাত্র একটাতেই ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে তিনটা গোল ঢুকেছে রিয়ালের জালে। সেটিও মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কোপায়, বার্সেলোনার বিপক্ষে। প্রথম পরীক্ষাতেই ফেল ‘নাদান’ আদান।ক্যাসিয়াস শুধু রিয়ালের অধিনায়ক নন, স্পেনের ইউরো-বিশ্বকাপ-ইউরোর ত্রিমুকুটও উঠেছে তাঁর হাতে। রিয়াল সমর্থকদের নয়নের মণিকোঠায় তাঁর বাস। এই ক্লাবেই খেলে বড় হয়েছেন। এখানে খেলেই অবসর নেবেন বলে জানিয়েছেন। রাউল যা করতে পারেননি, সেটাই তিনি করবেন। সেই ক্যাসিয়াসকে ছেঁটে ফেললেন মরিনহো! তার চেয়েও বড় বিস্ময়—কয়েক বছর ধরেই প্রশ্নাতীতভাবে বিশ্বের এক নম্বর গোলরক্ষকের জায়গাটি ধরে রাখা ক্যাসিয়াসকে বসিয়ে রাখার কারণ কী?মরিনহো অবশ্য এর পেছনে অন্য কোনো কারণ নেই বলেই দাবি করছেন, ‘আপনারা এর পেছনে অনেক রকম গল্পকে আমন্ত্রণ জানিয়ে রাখতে পারেন। কিন্তু এটা পুরোপুরি টেকনিক্যাল সিদ্ধান্ত, এর বেশি কিছু নয়।’ আদানকে তিনি ক্যাসিয়াসের চেয়ে ভালো গোলরক্ষক মনে করেন কি না—এমন প্রশ্নে উত্তরে বলেছেন, এ মুহূর্তে অবশ্যই আদান সেরা। এটাও বুঝিয়ে দিয়েছেন, ফুটবলে কোচই সর্বেসর্বা। দল কীভাবে চলবে, সেটা তিনিই ঠিক করবেন। তাতে নাক গলানোর অধিকার কারও নেই।অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, ক্যাসিয়াসের সঙ্গে তাঁর বিবাদ। রিয়ালে পর্তুগিজ খেলোয়াড়দের সঙ্গে স্প্যানিশ খেলোয়াড়দের বিরোধের খবরও এসেছে। রোনালদো গোল করলে ক্যাসিয়াস উদ্যাপন করেন না, এমন ভিডিও পর্যন্ত ছড়িয়েছে ইন্টারনেটে। দলের সাম্প্রতিক বাজে খেলার আসল কারণ ক্যাসিয়াসই কি না—এমন প্রশ্নের জবাবে মরিনহো অবশ্য বলেছেন, সমস্যা শুধু ক্যাসিয়াস নন। তবে পরিবর্তন আনাটা জরুরি মনে করেছেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাই বলে ক্যাসিয়াসকে সরানো! কিছুতেই মানতে পারছে না রিয়াল সমর্থকেরা। গত ম্যাচে রিয়ালের ভারপ্রাপ্ত অধিনায়ক সার্জিও রামোসও রীতিমতো বিস্মিত প্রতিক্রিয়া জানিয়েছেন পরশু ম্যাচ শেষে।স্বাভাবিকভাবেই আরেকটি প্রশ্ন ওঠে, তবে কি মাদ্রিদে সময় ফুরিয়ে এল মরিনহোর? ‘স্পেশাল ওয়ান’ অবশ্য তেমনটা মনে করেন না, ‘ফুটবল তো ফুটবলই, আমি কেন চাকরি নিয়ে ভয় পাব?’ রয়টার্স।