ব্রাদার্স যেন উড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাদার্সের আনন্দ দেখে যে কেউ ভুল করে ফেলতে পারত। দলটা বুঝি চ্যাম্পিয়ন হয়ে গেছে! আসলে তা নয়। সময়টা দারুণ যাচ্ছে ক্ষয়িষ্ণু শক্তির ব্রাদার্সের। প্রথম দুই ম্যাচে হার। তারপর চার ম্যাচে ৮ পয়েন্ট! দুই ড্রয়ের পর দুই জয়। ড্র করেছে আবাহনীর সঙ্গেও। শেখ রাসেলের বিপক্ষে জিতেছিল আগের ম্যাচটা। কাল লিগের শীর্ষ দল মুক্তিযোদ্ধার বিপক্ষে জিতল পিছিয়ে পড়েও (২-১)। টানা দুই ম্যাচে বড় মাছ শিকার—ব্রাদার্স আনন্দে অমন আত্মহারা তো হবেই।ব্রাদার্সের উজ্জীবনী শক্তির নাম সৈয়দ নইমুদ্দিন। তিনি ছুটি কাটিয়ে ফেরার পর থেকেই ব্রাদার্স আকাশে উড়ছে। ভারতীয় কোচ এখন বেশ আত্মবিশ্বাসীও, ‘আমরাও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকতে পারি। কেন নয়! শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা আর কঠোর পরিশ্রমই আমার শেষ কথা।’ব্রাদার্স মাঠে দৌড়াচ্ছে ৯০ মিনিট। খেলোয়াড়েরা শতভাগ দিচ্ছেন। মাঝমাঠ জমাট। বেশ আক্রমণাত্মক। বল হারিয়ে দ্রুত কেড়ে নিয়েই আক্রমণ—এই হলো নইমুদ্দিনের কোচিং-দর্শন। তাই ২৫ মিনিটে এমিলির হেডের গোলে মুক্তিযোদ্ধা এগিয়ে গেলেও হতোদ্যম হয়নি ব্রাদার্স।জয়ের অন্যতম নায়ক কিংসলে। কালই প্রথম অধিনায়কত্ব করলেন। দল পিছিয়ে পড়ার পর গোটা চারেক সহজ সুযোগ হাতছাড়া করে জাল খুঁজে পেলেন। ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ (১-১)। ৭৪ মিনিটে ওলালেকা জোসুয়ার গোলটা ছাপিয়ে গেল কিংসলের গোলটাকেও। বক্সের বাইরে থেকে দেখার মতো কোনাকুনি শটে ২-১ করেছেন তিনি। ছয় ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৩। অবনমনের শঙ্কা নিয়ে শুরু করা ব্রাদার্সের পয়েন্ট ছয় ম্যাচে ৮। বিজেএমসির জয়কাল ফেনীতে বিপ্লব ও আলফাজের গোলে ফেনী সকার ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বিজেএমসি।