ব্রাদার্স-শেখ জামাল ম্যাচ হবে আবার
নিষিদ্ধ করা হয়েছে একজন ক্রিকেটারকে, অথচ তাঁকে জানানোই হয়নি! সোহরাওয়ার্দী বিতর্কে শেষ পর্যন্ত কোপটা পড়ল ম্যাচ রেফারি ওবায়দুল হক আজমের ওপর। ‘দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা ও সন্দেহাতীতভাবে অমনোযোগী প্রমাণিত’ হওয়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। পাশাপাশি কঠোরভাবে সতর্ক করা হয়েছে আম্পায়ার্স-বিষয়ক ডেপুটি ম্যানেজার শরীফ মাহমুদকে। ম্যাচ রেফারি তাঁকে জানানোর পরও পরবর্তী ম্যাচের আম্পায়ারদের ঠিকভাবে অবহিত করেননি শরীফ। আর ‘নিষিদ্ধ’ ক্রিকেটারকে নিয়ে মাঠে নামায় মূল্য দিতে হচ্ছে ব্রাদার্স ইউনিয়নকেও। ৯ নভেম্বর শেখ জামালের বিপক্ষে জিতে সুপার সিক্সে উঠলেও আবার নামতে হবে সুপার সিক্সের লড়াইয়ে। আর শেখ জামাল পেয়ে গেল একটা ‘লাইফলাইন।’ আগামীকাল মিরপুরে আবার হবে দুই দলের ম্যাচটি। সঙ্গে ব্রাদার্সকে জরিমানাও গুনতে হবে ১ লাখ টাকা।
গত ৭ নভেম্বর আবাহনীর বিপক্ষে ম্যাচে অসদাচরণের জন্য নিষিদ্ধ করা হয় সোহরাওয়ার্দীকে। কিন্তু শেখ জামালের বিপক্ষে পরের ম্যাচেও ব্রাদার্সকে নেতৃত্ব দেন এই বাঁহাতি স্পিনার। গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে সুপার সিক্স নিশ্চিত করে ব্রাদার্স, কিন্তু ‘নিষিদ্ধ’ ক্রিকেটার খেলানোয় পরে তৈরি হয় জটিলতা। শুনানির পর জানা গেল, নিষিদ্ধ হওয়ার কথা নাকি সোহরাওয়ার্দীকে জানাননি ম্যাচ রেফারি!
এদিকে কাল প্রিমিয়ার লিগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর (২৫২/৯) ৭৯ রানে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে (১৭৩)।