ব্রাদার্স-সকার ড্র
বেচারা ওমর সিসে! ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে প্রতিদিনই একই কথা বলেন ফেনী সকারের গাম্বিয়ান কোচ, ‘সেই একই গল্প বলতে হচ্ছে আমাকে। প্রতি ম্যাচেই বারবার গোলমুখে গিয়ে ব্যর্থ হচ্ছে স্ট্রাইকাররা। আসলে ফুটবলারদের মানসিক সমস্যা আছে। একটা গোল করলেই ভাবে জিতে গেছি। কিন্তু তখনো ম্যাচের বাকি।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছয়টা ম্যাচ খেলে ফেলেছে সকার। এখন পর্যন্ত তালিকার তলানি থেকে নিজেদের ওপরে ওঠাতে পারেনি। কাল অন্তত মনে হচ্ছিল, এবারের লিগে প্রথম জয় হয়তো পেতেই চলেছে। কিন্তু এগিয়ে গিয়েও জিততে পারেনি। বলা ভালো, জিততে দেয়নি ব্রাদার্স। ম্যাচটা ১-১।
৬১ মিনিটে ব্রাদার্স বলতে গেলে গোল উপহার দিয়েছে সকারকে। রনির ক্রস থেকে রশিদ তুর্যের আলতো টোকায় লক্ষ্যভেদ। কিন্তু গোল দিয়ে তুর্য নিজেই অবাক! ব্রাদার্সের দুই ডিফেন্ডারের কেউ এগিয়ে এলেন না, উল্টো গোল হজমের দৃশ্যটা দেখলেন দাঁড়িয়ে। ৭১ মিনিটে সোহেলের পাস থেকে ফয়সাল করে দেন ১-১।
ব্রাদার্সের কোচ সৈয়দ নঈমুদ্দিনের অসন্তোষ বিদেশিদের নিয়ে। তাঁর কথা, ‘শেখ জামালের বিদেশিরা যেখানে পাঁচ মাসে তিন দিন ছুটি পায়, আমাদের বিদেশিরা কি না, নিয়মিত অনুশীলনেই আসে না। ওরা শতভাগ দিচ্ছে না ম্যাচে।’ তারপর নিজেই খুঁজলেন সমাধান, ‘আমরা নতুন বিদেশি খুঁজছি।’
এই ড্রয়ে ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এল ব্রাদার্স। তলানিতে থাকা সকারের হাতে মাত্র ২ পয়েন্ট।