ব্রাদার্সকে জিততে দেয়নি জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র হলেও নাটকীয় এক ম্যাচ! এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) হয়তো সেরা ম্যাচই। এমন গতিময় ম্যাচ ঘরোয়া ফুটবলে বাড়তি রং যোগ করার জন্য যথেষ্ট। ব্রাদার্সের জন্য দুই মিনিটের দুঃখ হয়ে রইল ম্যাচটা। শেষ মুহূর্তে গোল করে হার এড়াল শিরোপার অন্যতম দাবিদার শেখ জামাল। অবশ্য তারা পুরো ৩ পয়েন্টও পেতে পারত। কিন্তু ‘অভাগা’ ব্রাদার্স জয় দেখতে দেখতে শেষ পর্যন্ত ঘরে ফিরল ড্র নিয়ে। ম্যাচটা কাউকেই পুরো পয়েন্ট দেবে না বলে হয়তো আগেই ঠিক করে রেখেছিল।টানা ছয় হারের পর গত ম্যাচে আরামবাগের বিপক্ষে জয়ের দেখা পায় ব্রাদার্স। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘বড় মাছ’ শিকার করে ফেলতে পারলে সেটি হতো সোনায় সোহাগা। তাহলে অবনমন অঞ্চলের দুই সঙ্গী আরামবাগ আর ফেনী সকারকে পেছন ফেলতে পারত ব্রাদার্স। শেখ জামাল সেটি করতে দেয়নি। শুরুতে দুই স্ট্রাইকার নিয়ে নামা জামাল শেষ মিনিট দশেক খেলেছে তিন স্ট্রাইকার নিয়ে। আক্রমণে মাইক ওতোজেরেরি তিন হলুদ কার্ডের কারণে ছিলেন না এ ম্যাচে। শেষে গোল পেতে শেষ তাসটা খেললেন জামাল কোচ যোসেফ আপুসি। বদলি হিসেবে সোহেল রানাকে নামিয়েই পেয়েছেন মহামূল্যবান গোল।সোহেল রানা এ মৌসুমে কাল খেললেন নিজের পঞ্চম ম্যাচ। বিদেশি খেলোয়াড়দের ভিড়ে সব ম্যাচেই বদলি হিসেবে। এদিন দলকে হার থেকে বাঁচানো সমতাসূচক গোল করলেন ৮৮ মিনিটে, সানডের বাড়ানো বল জটলার মধ্যে বুদ্ধিদীপ্ত প্লেসিংয়ে।শেষ মুহূর্তে কন্টের শট ব্রাদার্সের ক্রসবারে না লাগলে জামাল ম্যাচে জিতে যেতে পারত। এর আগে ২৫ মিনিটে ফ্রি-কিক থেকে ব্রাদার্সকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ডারসন। তাঁর শট জামালের মানবদেয়ালে গোত্তা খেয়ে দিক বদলে ঢোকে জালে। ড্র ম্যাচ শেষে খুশি জামাল কোচ, ‘এই ফলও তো আমাদের জন্য কম নয়।’ যাঁর কল্যাণে এই ১ পয়েন্ট, সেই সোহেল রানা কোচের পাশে বসে বললেন, ‘আশা করি, সামনে কোচ আমাকে প্রথম একাদশে বিবেচনা করবেন।’৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল শেখ জামাল। শীর্ষে থাকা শেখ রাসেলের চেয়ে ১ পয়েন্ট কম। আজ গোপালগঞ্জে প্রথম পর্বের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারালে আবাহনী দাঁড়াবে শেখ রাসেলের সমান্তরালে।