ব্রাদার্সকে হারিয়ে বারিধারার চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে সাত গোলে বিধ্বস্ত হয়েছিল বিজেএমসির কাছে। সেই দুঃস্বপ্ন ভুলে উত্তর বারিধারা জয়ের পতাকা ওড়াল কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের নবাগত এই দলের হাতে রীতিমতো নাকাল ব্রাদার্স! সৈয়দ নইমুদ্দিনের দলের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় তুলে চমকই দেখাল বারিধারা।
তৃণমূল থেকেই যিনি এই দলটাকে টেনে এনেছেন, সেই সত্তর ছুঁইছুঁই কোচ মোহাম্মদ আলমগীর খুবই উচ্ছ্বসিত ছিলেন ম্যাচের পর, ‘আগের ম্যাচে বাজেভাবে হেরেছিলাম। সবারই মন খারাপ হয়েছিল। ভুল থেকে শিক্ষা নিয়ে কিছু করতে বদ্ধপরিকর ছিলাম। এই জয়টা সেটিরই ফল।’
হ্যাঁ, চোয়ালবদ্ধ প্রতিজ্ঞাই বারিধারাকে এমন স্মরণীয় জয় এনে দিয়েছে। অনেক দিন ধরে খেলা একদল তরুণের দল উত্তর বারিধারার সামনে কাল প্রথমার্ধে ব্রাদার্স গোল নষ্টের মহড়া দিয়েছে। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা।
বারিধারার প্রথম লিগ ম্যাচ জয়ে দুটি গোল করে বড় অবদান রেখেছেন রাইট ব্যাক ইমদাদুল। গত দুই মৌসুমে বিজেএমসির হয়ে নাম লেখালেও সাইড বেঞ্চেই বসে ছিলেন, কালই প্রথম একাদশে সুযোগ পেয়ে নিজেকে তুলে ধরলেন। আত্মবিশ্বাসও বেড়েছে অনেক, ‘আমি সুযোগ পেলে আবারও নিজেকে প্রমাণ করতে চাই।’
৩০ মিনিটে ইমদাদুলের প্রথম গোলে খানিক ভাগ্যেরও ছোঁয়া ছিল। প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে হেড করলে সাইডপোস্টে লেগে বল ঢোকে জালে (১-০)। ৪১ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে পারেননি ব্রাদার্সের অ্যান্টনি। বল পাঠিয়ে দেন বাইরে। ৪৫ মিনিটে সুমনের শট ব্রাদার্সের গোলরক্ষক রঘুর হাত ফসকে বেরিয়ে এলে ইমদাদুলের টোকায় ২-০। ৫৩ মিনিটে ফ্রি-কিকে সরাসরি গোল করেন স্বপন (৩-০)। এরপর অ্যান্টনি ও ফয়সাল মামুদ দুই গোল করলেও ব্রাদার্স হার এড়াতে পারেনি।
ব্রাদার্সের কোচ সৈয়দ নইমুদ্দিন দুষলেন খেলোয়াড়দের, ‘এত সুযোগ মিস করলে ম্যাচ জেতা অসম্ভব।’
চট্টগ্রাম আবাহনীর জয়: বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীও লিগে প্রথম জয় তুলে নিয়েছে। ফেনী সকারকে হারিয়েছে ২-১ গোলে। চট্টগ্রাম আবাহনীর গোলদাতা জাভেদ ও জনি। শেষ দিকে সকারের হয়ে ব্যবধান কমান ওকালায়েন।
প্রিমিয়ার লিগে আজ খেলা নেই।