ব্রাদার্সে বিদেশি খেলোয়াড়ের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাদার্স ইউনিয়ন মাঠের এক পাশে শ-খানেক দর্শক। মাঠের অন্য পাশে চেয়ার পেতে বসে রয়েছেন ক্লাব কর্মকর্তারা। সবার মনোযোগ মাঠে। বলা উচিত বিদেশি খেলোয়াড় হাটে। আসলেই হাট! বিদেশি খেলোয়াড় বেছে নেওয়ার হাট। গত বছরের মতো এবারও একগাদা বিদেশি ফুটবলার ডেকে এনেছে ব্রাদার্স। গত বছর ৩৫ জন বিদেশির মধ্য থেকে বাছাই করে নিয়েছিল চারজনকে। এবার ২২ জন বিদেশি খেলোয়াড়—ক্যামেরুন, ব্রাজিল, নাইজেরিয়া, কঙ্গো, টোগো ও সেনেগালের। প্রাথমিক বাছাইয়েই বাদ পড়েছেন এঁদের পাঁচজন।কাল বাকি ১৭ জন এবং স্থানীয় পাঁচজনকে নিয়ে দুই দলে ভাগ করে প্রীতি ম্যাচ খেলালেন ব্রাদার্সের নতুন কোচ নইমুদ্দিন। কমলা রঙের জার্সি গায়ে ১০ বিদেশির সঙ্গে ছিলেন একজন স্থানীয় গোলরক্ষক। আর নীল দলটিতে সাতজন বিদেশিদের সঙ্গে স্থানীয় চার ফুটবলার। ২-১ গোলে জিতেছে নীল দল। তবে এই ম্যাচই নির্ণায়ক নয়। আগামী ১৫ ডিসেম্বর বিদেশিদের নাম নিবন্ধনের শেষ তারিখ। ব্রাদার্সের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘১০-১২ ডিসেম্বরের মধ্যেই আমরা এখান থেকে চারজন খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করব।’তা কেমন দেখলেন এসব বিদেশিদের? কোচ নইমুদ্দিনের কথা, ‘এদের মধ্যে বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় আছে। তবে আরও দু-এক দিন দেখার পর তালিকা ছোট করব। চূড়ান্ত বাছাইটা হবে আরও পরে।’ পুরোনো ক্লাব ব্রাদার্সে ফিরতে পেরে বেশ খুশি এই ভারতীয় কোচ। জানালেন, এখানকার কোনো স্মৃতিই ভোলেননি।