ব্রাদার্সে হোঁচট বিজেএমসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর হাতে কোনো জাদুর কাঠি নেই। কিন্তু সৈয়দ নঈমুদ্দিনের উপস্থিতিতেই যেন বদলে গেল সবকিছু। পারিবারিক কারণে লিগের শুরুতেই দেশে চলে গিয়েছিলেন ব্রাদার্সের ভারতীয় কোচ। ফিরে এসে দায়িত্ব নিতেই বেপথু ব্রাদার্স খুঁজে পেল পথের দিশা। লিগের শুরুতে টানা দুই ম্যাচ হারা কমলা দলটিই কাল ড্র (১-১) করে বসল শক্তিশালী বিজেএমসির সঙ্গে!প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ৭৪ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হার। পরের ম্যাচে হার মোহামেডানের কাছে। কাল প্রথমার্ধে চমত্কার খেলে এগিয়ে যাওয়া ব্রাদার্স অঘটনেরই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ড্র করেই সান্ত্বনা। এবারের ফেডারেশন কাপের রানার্সআপদের সঙ্গে ড্র-ই বা মন্দ কী?ম্যাচের শুরু থেকে আক্রমণ করেছে অবশ্য বিজেএমসিই। ৩ মিনিটে ইসমাইল বাঙ্গুরার বল পোস্ট ঘেঁষে যায় বাইরে। বিজেএমসির আধিপত্য চলল মিনিট দশেক। কিন্তু আলফাজ ও আবদুল রশিদের অভাবটা তারা বুঝতে পারে পরপরই। আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে থাকে ব্রাদার্স। ১৬ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। কিন্তু কিংসলের বাড়িয়ে দেওয়া বলে পা ছোঁয়াতেই পারেননি প্রিন্স ওরদে। দুই মিনিট পর সুযোগ পেয়েছিল বিজেএমসিও। বক্সের মধ্যে জটলায় দাঁড়ানো বাঙ্গুরার ব্যাকভলি গোললাইন থেকে বাঁচান ব্রাদার্সের ডিফেন্ডার তারা। ৪১ মিনিটে ব্রাদার্সকে আনন্দে ভাসান ওলালেকিন জোসুয়া। ডান প্রান্ত দিয়ে অনীকের পাস থেকে গড়ানো শটে গোল করেন নাইজেরিয়ান স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া বিজেএমসি বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে সফল হয় ৭৫ মিনিটে। আবুলের ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে বল পান রনি ইসলাম। তাঁর বাড়িয়ে দেওয়া বলে আলতো টোকায় বিজেএমসিকে সমতায় ফেরান ক্যামেরুনিয়ান স্ট্রাইকার বেইবেক (১-১)। ইনজুরি সময়ে অবশ্য জয়ের সুযোগ এসে গিয়েছিল ব্রাদার্সের সামনে। বক্সের মধ্যে বিজেএমসির গোলরক্ষক হিমেলকে একা পেয়েও হাস্যকরভাবে বল বাইরে মারেন জোসুয়া। পুরো মৌসুমে দারুণ ধারাবাহিক বিজেএমসির এমন ছন্দপতনে হতাশ কোচ জাকারিয়া বাবু, ‘লিগে প্রতিটি ম্যাচে জেতা কঠিন। তা ছাড়া এই ম্যাচের আগে ১৭ দিনের বিরতি প্রভাব ফেলেছে আমাদের খেলায়। গোলের সুযোগগুলোও ভালোমতো কাজে লাগাতে পারিনি।’ বড় দলের সঙ্গে ড্র করেও কোচ নঈমুদ্দিন খুশি নন, ‘এটা সত্যি, আগের দুই ম্যাচের চেয়ে ভালো খেলেছে ছেলেরা। তবে আমরা আজ (কাল) জিতেও যেতে পারতাম। আমাদের সহজ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে।’বিজেএমসি: হিমেল, শুভ্র, আবদুল্লাহ পারভেজ, জনি, বেইবেক, সাইফুল, আশরাফুল, ইয়াকুবু (বিপ্লব), ইকাঙ্গা, বাঙ্গুরা, রনি।ব্রাদার্স: উত্তম, নাহিদ, জানকাসা, জামাল, তারা, শিপন (সৈকত), অনীক, কবির, প্রিন্স (সোহেল), কিংসলে, জোসুয়া।