ব্রাদার্সের আশা, জামালের সুযোগ
সর্বশেষ কবে চ্যাম্পিয়ন হয়েছিলেন? খানিক মাথা চুলকে ব্রাদার্সের ম্যানেজার আমের খান কাল বললেন, ‘২০০৫ সালে লিগ জিতেছিলাম আমরা।’ একই বছর ঘরোয়া ফুটবলের বাইরে ভারত থেকে ব্রাদার্স জিতে আনে বরদুলই ট্রফিও। সেই দিন আর নেই। একসময়ের ঐতিহ্যবাহী ক্লাবটি এখন ধুঁকছে। তবে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরে পেতে চায় কমলা দল।অভিযানটা তারা শুরু করতে চায় ১৪ জুন থেকে শুরু সুপার কাপেই। একসময় বিদেশি খেলোয়াড় নেওয়ার জন্য ক্লাবে বিদেশিদের হাট বসাত ব্রাদার্স। সেই তারাই এখন বিদেশি কমানোর পক্ষে। বিদেশি খেলোয়াড়বিহীন সুপার কাপটা তাদের কাছে নিজেদের প্রমাণের বড় একটা সুযোগ। সুপার কাপ নিয়ে প্রত্যাশাটা তাই অনেক উঁচুতে আমের খানের, ‘আমরা ভালো খেলে নিজেদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।’ আপাতত সেমিফাইনালকে পাখির চোখ করছেন তিনি, ‘আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্যায়ে জিতে সেমিফাইনালে যাওয়া।’ অধিনায়ক ইউসুফ আলীরও একই লক্ষ্য।ব্রাদার্স যে এবার পেশাদার লিগে অস্তিত্ব টিকিয়ে রাখল, তাতে বড় অবদান দুই বিদেশি খেলোয়াড় কিংসলে ও অ্যান্ডারসনের। দলের বেশির ভাগ জয়েরই কারিগর ছিলেন তাঁরা। কিন্তু এবার স্থানীয়রাই ভরসা। এরই মধ্যে নতুন কয়েকজন খেলোয়াড়কে দলে টেনেছে ব্রাদার্স। ওয়ারী থেকে টিটু, রুবেল, বাড্ডা জাগরণীর প্রণব, ভিক্টোরিয়ার সালাউদ্দিন, ফরাশগঞ্জের পিন্টু দাস খেলবেন কমলা জার্সি গায়ে। নতুন ও পুরোনোদের মিলিয়েই ব্রাদার্সের মূল একাদশ গড়া হতে পারে।ব্রাদার্স যখন ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়ে অনুশীলনে ব্যস্ত, শেখ জামাল ধানমন্ডি তখন টুর্নামেন্টটাকে দেখছে শিরোপা-খরা কাটিয়ে ওঠার সুযোগ। চলতি মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ফাইনালে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেছে শেখ জামাল। প্রিমিয়ার লিগে হয়েছে রানার্সআপ। অন্তত একটা শিরোপা দলকে উপহার দিতেই চান খেলোয়াড়েরা। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক হাসান আল মামুন জানালেন সেই লক্ষ্যের কথা, ‘বিদেশিরা যেহেতু খেলছে না, সেহেতু এই টুর্নামেন্টকে আমরা নিচ্ছি একটা অ্যাসিড টেস্ট হিসেবে।’ আরও যোগ করলেন, ‘দুর্ভাগ্যক্রমে এবার একটা শিরোপাও পাইনি। এটা শেষ সুযোগ। আমাদের স্থানীয় খেলোয়াড়েরা যে ভালো সেটা প্রমাণের চ্যালেঞ্জও নিচ্ছি আমরা। আমরা চ্যাম্পিয়ন হতেই লড়ব।’ বিদেশিনির্ভর শেখ জামালের সবচেয়ে বড় সমস্যা এখন স্থানীয়রাই। দলের বেশির ভাগ খেলোয়াড়ই চোটগ্রস্ত। শাকিল, মোস্তাক ও শরীফকে ছাড়াই হয়তো সুপার কাপে খেলতে হবে শেখ জামালকে। মোনায়েম রাজুও অসুস্থ। নিজস্ব একাডেমি থেকে পাঁচ খেলোয়াড়কে আনা হয়েছে। নাইজেরিয়ান কোচ যোসেফ আপুসির সঙ্গে চুক্তি শেষ, খণ্ডকালীন কোচ ওয়াসিম ইকবাল অবশ্য আশাবাদী ভালো কিছু করবেন, ‘দলের সবাই ম্যাচিউরড। তেমন সমস্যা দেখছি না। এখন কাজ করব মনস্তাত্ত্বিক কিছু বিষয় এবং ফিটনেস নিয়ে।’