ব্রাদার্সের একি হাল!
গত মৌসুমে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছিল দলটি। ভারতের সৈয়দ নঈমুদ্দিনকে বাদ দিয়ে এবার ব্রাদার্স ইউনিয়ন কোচ করে এনেছে নাইজেরিয়ার সাবেক ফুটবলার লাডি বাবালোলাকে। কিন্তু নব্বইয়ের দশকে মোহামেডানে খেলে যাওয়া সাবেক স্ট্রাইকারকে এনেও অবস্থার কোনো উন্নতি হয়নি। লিগে টানা চারটি ম্যাচে হারল একসময়ের ঐতিহ্যবাহী কমলা রঙের দলটি! কাল ফেনীতে স্বাগতিক ফেনী সকার ক্লাব ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। চার ম্যাচে ফেনী সকারের এটি প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে দলটি অষ্টম স্থানে। আর পয়েন্টবিহীন ব্রাদার্স একেবারে তলানিতে। লিগের শুরু থেকেই যেভাবে ধুঁকছে ব্রাদার্স, তাতে অবনমন এড়ানোই দুষ্কর হয়ে পড়তে পারে এবার।২৮ মিনিটে তৌহিদের গোলে প্রথমে এগিয়ে যায় ফেনী সকার। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিদন। ৮৫ মিনিটে অবশ্য একটি গোল শোধ করেন ব্রাদার্সের কিংসলে। ম্যাচ শেষে ফেনীর মাঠ নিয়ে অভিযোগ করেছেন ব্রাদার্স কর্মকর্তারা। বলেছেন, মাঠ অসমতল। এমন মাঠে খেলোয়াড়েরা স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগেই নাকি দর্শক মাঠে ঢুকে পড়ে।বিজেএমসি-মুক্তিযোদ্ধা ড্রগোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামকে এবার ভেন্যু বানিয়েছে মুক্তিযোদ্ধা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার বাইরের এই মাঠে কাল ছিল উপচে পড়া দর্শক। কিন্তু গোলের খেলা ফুটবলে আক্ষেপ নিয়েই ঘরে ফিরেছে গোপালগঞ্জবাসী। কাল বিজেএমসি গোলশূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধার সঙ্গে। টানা দুটি হারের পর কালই একটি পয়েন্ট পেল মুক্তিযোদ্ধা। আর বিজেএমসি টানা দুই ম্যাচে ড্র করল। ৫ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মুক্তিযোদ্ধা, সমান ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট পাওয়া বিজেএমসি ষষ্ঠ।