ব্রাদার্সের এভারটন-ঝলক
এ যেন গোল মিসের প্রদর্শনী! একের পর এক বল নিয়ে বক্সে ঢুকছেন ব্রাদার্স স্ট্রাইকাররা। কিন্তু গোল হচ্ছিল না। অবশেষে ৭৮ মিনিটে পেনাল্টি পেল ব্রাদার্স। তা থেকে গোল করলেন ব্রাজিলিয়ান প্লেমেকার এভারটন। ফেডারেশন কাপে ৪ গোল করে আলোয় আসা এভারটন এরপর যেন জেগে উঠলেন। বাকি ১২ মিনিটে ব্রাদার্সের দুই গোলের একটি তাঁর। অন্যটি ফয়সাল মাহমুদের। এভারটনের জোড়া গোলে শেষ পর্যন্ত চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে ব্রাদার্সের জয় ৩-০ গোলে।এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো ব্রাদার্সের। এই গ্রুপের অন্য দল ঢাকা আবাহনী এক জয়েই উঠে গেল শেষ আটে। আর ‘ডি’ গ্রুপে টানা দুই ম্যাচই হেরে স্বাধীনতা কাপ ফুটবল থেকে বিদায় নিল চট্টগ্রাম মোহামেডান।পাওনা বেতনের দাবিতে ধর্মঘট করায় কাল চট্টগ্রাম মোহামেডান তাদের পাঁচ বিদেশি ছাড়াই খেলল। দলটির সাইড বেঞ্চে ছিলেন মাত্র একজন খেলোয়াড়! ৮৭ মিনিটে লাল কার্ড দেখলেন বিপ্লব দাস। এ সুযোগেই ব্রাদার্স পেয়ে গেল দুটি গোল।রহমতগঞ্জ-ফরাশগঞ্জ ড্র: বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল দিনের প্রথম ম্যাচ ছিল ড্র। রহমতগঞ্জ-ফরাশগঞ্জ কেউ কাউকে হারাতে পারেনি। জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠে যেত রহমতগঞ্জ। কিন্তু বাংলাদেশ লিগে পঞ্চম স্থানে থাকা রহমতগঞ্জকে সেই সুযোগ দেয়নি ফরাশগঞ্জ।৯ মিনিটে রনির গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। ১৫ মিনিটে ১-১ করেন ফেলিক্স (১-১)। ২৯ মিনিটে রহমতগঞ্জ গোলকিপার হিমেল বক্স ছেড়ে সামান্য বাইরে বেরিয়ে এলে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ডুম্বা। ৪২ মিনিটে আবারও সেই ডুম্বাই নায়ক (২-১)। ৬৬ মিনিটে রহমতগঞ্জের জুনাপিও ২-২ করলে জমে ওঠে দুই প্রতিবেশীর লড়াই। বাকি সময়টা জেতার জন্য মরিয়া ছিল রহমতগঞ্জ। কিন্তু গোলের রাস্তা আর খুঁজে পায়নি।আজকের খেলা: আরামবাগ-ফেনী সকার (বিকেল ৪-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।