৭৪ মিনিট পর্যন্ত ব্রাদার্স এক গোলে এগিয়ে। তারপর নাটকীয়তা। নাইজেরিয়ান স্ট্রাইকার উজরমিফুন জোয়েল দুই গোল করে জিতিয়ে দিলেন আরামবাগকে। হারতে হারতে পুরো তিন পয়েন্ট—পঞ্চম বাংলাদেশ লিগে জয় দিয়ে শুরু করল আরামবাগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ম্যাচের পর মতিঝিল ক্লাবপাড়ার মাঝারি দলটির আনন্দ তাই দেখে কে!জয়সূচক গোলটা এসেছে যোগ করা সময়ে। ড্র ধরে নিয়ে সবাই যখন শেষ বাঁশি শোনার অপেক্ষায়, তখনই ব্রাদার্সের বুকে শেল বিঁধলেন জোয়েল। স্বদেশি এলেটার সাজিয়ে দেওয়া বলে টোকা মেরে পাঠিয়ে দিলেন জালে। এই এলেটা আর জোয়েল মিলেই ছত্রখান করে দিয়েছেন ব্রাদার্সের রক্ষণ। আরামবাগের মাঝমাঠও দারুণ খেলেছে।৪০ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে ওলালেকানের গোল ব্রাদার্সকে উজ্জীবিত করার পরিবর্তে যেন আত্মতৃপ্ত করে তুলল। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা, বল পেয়ে সবারই দায়িত্ব এড়ানো—ব্রাদার্স ম্রিয়মাণ হতে লাগল সময়ের সঙ্গে সঙ্গে। আরামবাগ এই সুযোগে প্রতিপক্ষকে চেপে ধরেছে এবং উজ্জীবিত ফুটবল খেলে আদায় করে নিয়েছে জয়।ব্রাদার্সের প্রধান কোচ সৈয়দ নইমুদ্দিন দেশে ফিরে গেছেন পারিবারিক কী একটা কাজে। গতকাল আসার কথা থাকলেও ম্যাচের আগে এসে পৌঁছাতে পারেননি। সহকারী কোচ পান্নু ও ম্যানেজার আমের খান মিলে দলটাকে যথাসম্ভব চাঙা রাখতে চেয়েছেন। কিন্তু এগিয়ে গিয়েও হার দিয়েই যেন লিগ শুরু করতে চেয়েছে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ব্রাদার্স।আমের খান তাঁর দলের ওপর খুবই বিরক্ত, ‘প্রতিপক্ষকে জেতার সুযোগ করে দিয়েছি আমরা। দোষটা আমাদেরই।’ আরামবাগের আনন্দ-উল্লাসের মধ্যে কোচ কাজী জলির কথাগুলো যেন হারিয়েই যাচ্ছিল, ‘লড়াকু ফুটবল খেলার ফল পেলাম আমরা।’