ব্রাদার্সের জয়ে মোহামেডানেরও লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটি দুই দলের কাছেই ছিল সুপার কাপে জায়গা করে নেওয়ার লড়াই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে সেই লড়াইয়ে জিতল ব্রাদার্স। এই জয়ে ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠল কমলা দল। ২১ ম্যাচে ২৪ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ থাকল সপ্তম স্থানেই। আর অবস্থানের পরিবর্তন করতে না পারায় সুপার কাপে জায়গা পেল না পাতানো খেলার কলঙ্ক মাথায় নিয়ে ঘোরা রহমতগঞ্জ।লিগের সেরা ছয় দল নিয়ে হবে সুপার কাপ। ব্রাদার্সের জয়ে সুপার কাপ খেলা নিশ্চিত হলো মোহামেডানের। তাদের বাকি এখনো এক ম্যাচ। ২১ ম্যাচে ২৯ পয়েন্ট সাদা-কালোদের; শেষ ম্যাচে আবাহনীর কাছে হারলেও পয়েন্ট টেবিলে সেরা ছয়েই থাকবে তারা।কাল শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছে ব্রাদার্স। ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভারটন অনেক দিন পর খেললেন সাম্বার ছন্দে। মাঝমাঠ থেকে একা টেনে নিয়ে করেছেন ম্যাচের দুটি গোলই। প্রথমটি ২৮ মিনিটে, পরেরটি ৬৯ মিনিটে। তবে ৫৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন রহমতগঞ্জের উগান্ডান স্ট্রাইকার ইদ্রিস কাসারি। ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিঠুনের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে তিনি।