ব্রাদার্সের তামিম-বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার্সে স্বাগত! তামিম ইকবালের হাতে কমলা রঙের জার্সি তুলে দিচ্ছেন ব্রাদার্সের ক্রিকেট কমিটির চেয়ারম্যান আ জ ম নাসির। পাশে ব্রাদার্সের সভাপতি নজরুল ইসলাম। কাল ক্লাব ভবনে ব্রাদার্স ক্রিকেট দলের পরিচিতি অনুষ্ঠানে ষ প্রথম আলো
ব্রাদার্সে স্বাগত! তামিম ইকবালের হাতে কমলা রঙের জার্সি তুলে দিচ্ছেন ব্রাদার্সের ক্রিকেট কমিটির চেয়ারম্যান আ জ ম নাসির। পাশে ব্রাদার্সের সভাপতি নজরুল ইসলাম। কাল ক্লাব ভবনে ব্রাদার্স ক্রিকেট দলের পরিচিতি অনুষ্ঠানে ষ প্রথম আলো

কয়েকজন সমর্থক ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন অধিনায়ক তামিম ইকবালকে। সহ-অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ, নাফিস ইকবাল, অলক কাপালিসহ অন্যদের হাতে তুলে দেওয়া হলো রজনীগন্ধা। বলতে গেলে এই ব্রাদার্স ইউনিয়নের পক্ষেই তামিমের পেশাদার ক্যারিয়ার শুরু। চট্টগ্রাম ক্রিকেট লিগে খেলা শুরু করেছিলেন এই ব্রাদার্সের হয়েই। নিজেই এটি মনে করিয়ে দিলেন, তবে সেই ব্রাদার্সে যে নিজের ইচ্ছায় ফেরা হয়নি, এ নিয়ে মনে জমে থাকা অসন্তোষের বাষ্পও ঠিকই প্রকাশ করলেন।ব্রাদার্সের এবারের দলে মধ্যমণি হয়ে আছেন তামিম ইকবাল। কাল দুপুরে ক্লাব ভবনে ক্রিকেট দলের পরিচিতিমূলক সংবাদ সম্মেলনে তামিমের হাতে ২৯ নম্বর কমলা জার্সি তুলে দেওয়ার সময় ব্রাদার্সের ক্রিকেট কমিটির চেয়ারম্যান আ জ ম নাসিরের মুখে তাই আকর্ণবিস্তৃত হাসি। তবে তামিমের মুখে সেটি খুব কমই ফুটল। কারণটা খুঁজে নিতে পারেন তাঁর এই কথায়, ‘আমি খেলা শুরু করেছি এই ব্রাদার্স ক্লাব দিয়েই। আবারও এখানে আসতে পেরে ভালো লাগছে। তবে যেভাবে এবার দল গড়া হয়েছে, সেটা নিয়ে আমি বা কোনো ক্রিকেটারই খুশি নই। আশা করি, এই পদ্ধতি শুধু এই বছরই থাকবে। কারণ এটা খেলোয়াড়দের জন্য ভালো না।’ তবে যে লটারি-ভাগ্য তাঁকে ব্রাদার্সে এনে ফেলেছে, বাধ্য হয়েই তা মেনে নিচ্ছেন, ‘যা হয়েছে, সেটা তো বদলে ফেলতে পারব না। আমরা পেশাদার খেলোয়াড়। এখানে এসব ভেবে কেউ মন খারাপ করছে না। মাঠে শতভাগই দেব আমরা।’প্রিমিয়ার লিগে মাঠের লড়াইয়ে বড় ভূমিকা থাকবে বিদেশিদের। তা ব্রাদার্সে আসছেন কারা? দুই শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস, সচিত্রা সেনানায়েকে এবং ইংলিশ নাগরিকত্ব পেয়ে যাওয়া পাকিস্তানি আজহার মেহমুদ নিশ্চিত বলে জানালেন নাসির। সঙ্গে জানিয়ে দিলেন তাঁদের ঢাকায় আসার তারিখও (১২ সেপ্টেম্বর)। এর বাইরে কাকে প্রয়োজন, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি তামিমের ওপরই ছেড়ে দিয়েছেন। তামিমই বললেন, ‘নাসির আঙ্কেল আমাকে বলেছেন, বিদেশি খেলোয়াড় যাকে ইচ্ছা আনতে পারব।’ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও একসময় ব্রাদার্স ইউনিয়ন ছিল বড় নাম। কিন্তু দিন বদলেছে। একসময় আবাহনী-মোহামেডানের জন্য হুমকি দলটির আগের সেই জৌলুশ আর নেই। সেই হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন সভাপতি নজরুল ইসলাম, ‘ব্রাদার্সের যে গৌরব ছিল, সেটা আবারও পুনরুদ্ধার করতে চাই। সেই লক্ষ্যেই আমরা দল গড়েছি।’

এই অনুষ্ঠানেই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে লিমিটেড কোম্পানি করার আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়েছে।