ব্রাদার্সের নতুন আশা
পেশাদার লিগ সামনে রেখে ফুটবল ফেডারেশন ভবনে ধারাবাহিক সংবাদ সম্মেলন করেছে দলগুলো। ব্যতিক্রম শুধু ব্রাদার্স ইউনিয়ন। কাল তারা নিজেদের ক্লাবেই সারল কাজটা। সঙ্গে নতুন মৌসুমের ফুটবল কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমানকেও পরিচয় করিয়ে দেওয়ার ফাঁকে উন্মোচন করা হলো খেলোয়াড়দের জার্সি। ক্লাবের শো-কেসে সারি সারি ট্রফি। তবে তাতে জমেছে ধুলো। অনেক দিনের সাফল্য-খরা এবার দূর করতে চান মাহবুবুর, ‘আশা করি, আমরা ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে পারব। চেষ্টা করব এবার চ্যাম্পিয়ন হতে।’ তবে বাস্তবতা বলছে, গত লিগে সপ্তম হওয়া ব্রাদার্সের পক্ষে এবারও খুব ভালো কিছু করা কঠিন। নতুন দলটিও মাঝারি মানের। কোচ লাডি বাবালোলার আশা, ‘আমাদের বিদেশি সংগ্রহ ভালো হয়েছে। স্থানীয়রাও ভালো। এই দল নিয়ে আমি প্রতিটি ম্যাচ জিততে চাইব। খেলোয়াড়দের চেষ্টা থাকলে তা অসম্ভব নয়।’ ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি দিলেন সুসংবাদ, ‘আবাহনী, মোহামেডানের মতো আমরাও লিমিটেড কোম্পানি করতে যাচ্ছি। প্রক্রিয়া শুরু হয়ে গেছে।’ ব্রাদার্সের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগের ব্যাপারে তাঁর কথা, ‘অভিযোগের সত্যতা তো পাওয়া যায়নি।’