ব্রাদার্সের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতানো খেলার ব্যাপারে গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘এবার কী করবে বাফুফে?’ প্রতিবেদনের প্রতিবাদ করেছে ব্রাদার্স ইউনিয়ন। গতকাল তারা এক প্রতিবাদপত্রে পাতানো খেলার অভিযোগ প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছে। ব্রাদার্স বলেছে, উল্লিখিত অভিযোগের কারণে ব্রাদার্সের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তদন্ত নিষ্পত্তির আগে অযৌক্তিক সংবাদ প্রকাশ কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। প্রতিবাদপত্রে ব্রাদার্স পাতানো খেলায় জড়িত নয় বলে জোর দাবি জানিয়েছে।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের কোথাও বলা হয়নি ব্রাদার্স পাতানো ম্যাচ খেলেছে। বলা হয়েছে, গত ২৫ এপ্রিল ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটা ছিল সন্দেহজনক। সন্দেহজনক না হলে বাফুফে ওই ম্যাচের তদন্ত করছে কেন? এখানে প্রথম আলোর নিজস্ব কোনো মন্তব্য নেই। তদন্ত কমিটি ওই ম্যাচটি তদন্ত করছে এবং তারই একপর্যায়ে ম্যাচটা সম্পর্কে একজন বিশেষজ্ঞের মতামত চায় বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি। ওই বিশেষজ্ঞ তাঁর প্রতিবেদন জমা দিয়েছেন। তাতে তিনি ম্যাচটাকে সন্দেহজনকই বলেছেন। বিশেষ করে ব্রাদার্সের হজম করা ৪টি গোলই তার কাছে ‘স্বাভাবিক’ গোল মনে হয়নি। ওই বিশেষজ্ঞ হলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপু। প্রতিবাদপত্রে ব্রাদার্স বলেছে, ‘ম্যাচটাকে নির্বাচনী ম্যাচ’ বলা হয়েছে। প্রকৃতপক্ষে নির্বাচনী ম্যাচ বলে সেদিন অনেকে সন্দেহ করেছিলেন। সেটিই লেখা হয়েছে প্রতিবেদনে। ব্রাদার্স বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে আমাদের বক্তব্য হলো, ২৫ এপ্রিলের ওই ম্যাচ এবং ব্রাদার্স-শেখ জামালের ফিরতি ম্যাচ নিয়ে পরদিন জাতীয় দৈনিকগুলোয় দুটি ম্যাচকেই পাতানো বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ব্রাদার্স কদিন আগেও ওইসব খবরের প্রতিবাদ জানিয়েছে একই ভাষায়। এবং তা ছাপাও হয়েছে প্রথম আলোয়।