ব্রাদার্সের প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিকের পর ব্রাদার্সের ফরোয়ার্ড আকন৷ কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ।  প্রথম আলো
হ্যাটট্রিকের পর ব্রাদার্সের ফরোয়ার্ড আকন৷ কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে । প্রথম আলো

উত্তর বারিধারার কাছে প্রথম পর্বের হারটাকে ভোলেনি ব্রাদার্স। দলটির নাইজেরিয়ান স্ট্রাইকার কেস্টার আকন ছিলেন প্রতিশোধের অপেক্ষায়। সুযোগটা এর চেয়ে আর ভালোভাবে কাজে লাগাতে পারতেন না আকন, হ্যাটট্রিকই করলেন কাল । তাঁর পাশে জোড়া গোল করেছেন হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়েলসন। দুই বিদেশির আক্রমণে দিশেহারা উত্তর বারিধারা ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাদার্সের কাছে।
লিগে যেন সিঁড়ি ভেঙে আস্তে আস্তে ওপরে উঠছে ব্রাদার্স। প্রথম পর্বে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগের সপ্তম স্থানে ছিল কমলা দলটি। সেই ব্রাদার্সই এখন ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে! লিগে নিজেদের লক্ষ্য নিয়ে কাল নঈমুদ্দিন বললেন, ‘স্কাই ইজ
দ্য লিমিট—আকাশসমান প্রত্যাশা৷’
গত ম্যাচে বিজেএমসিকে হারিয়ে উড়তে থাকা বারিধারাকে মাটিতে টেনে নামিয়েছেন আকন ও ওয়ালসন। গত দুই মৌসুমে শেখ জামাল ধানমন্ডিতে খেলা আকন এরই মধ্যে ৬ গোল করে ফেলেছেন ব্রাদার্সের হয়ে। কাল হ্যাটট্রিক করার পর বলছিলেন, ‘বাংলাদেশে এটাই আমার সেরা সময়।’
ম্যাচের ৪ মিনিটেই প্রথম গোল করেন আকন। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন, হ্যাটট্রিক পূর্ণ করেন ৫১ মিনিটে। লিগে এটি পঞ্চম হ্যাটট্রিক। ৪০ ও ৪৫ মিনিটে ওয়েলসন করেছেন দুই গোল। ২৯ মিনিটে একটি গোল শোধ করেন সুজন।
বারিধারার কোচ আলমগীরের দাবি, ‘বালুর মাঠে পর্যাপ্ত অনুশীলন হচ্ছে না বলেই এমন হার।’ তবে এক কর্মকর্তা বললেন অন্য কথা, ‘এক দিন আগেই এই দলের অনেকে নোয়াখালীতে খ্যাপ খেলে এসেছে। আজ কীভাবে ভালো খেলবে?’