প্রথম পর্বের শেষ ম্যাচে রহমতগঞ্জের কাছে ৪ গোলে বিধ্বস্ত হয়েছিল। কাল ফিরতি পর্বে নিজেদের প্রথম ম্যাচেও সেই পথে পা বাড়ানোর ইঙ্গিত ছিল ব্রাদার্সের। অন্তত প্রথমার্ধে। কিছু বুঝে ওঠার আগেই দুই মিনিটের মাথায় গোল হজম করে ব্রাদার্স। এক মিনিট পর আবারও! কিন্তু আরামবাগের বিপক্ষে ৪১ মিনিট পর্যন্ত ৩-১-এ পিছিয়ে থাকা ব্রাদার্সই কিনা শেষ পর্যন্ত মাঠ ছাড়ল ৪-৩ গোলের জয় নিয়ে। কিংসলে সিগোজির জন্যই সম্ভব হয়েছে এটি। ব্রাদার্সের নাইজেরিয়ান স্ট্রাইকার করেছেন হ্যাটট্রিক।এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল ব্রাদার্স। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার নিচে আরামবাগ। অথচ প্রথম পর্বে এই আরামবাগের কাছে ১-২ গোলে হেরেছিল কমলা দলটি।কাল দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। শুরু থেকেই আরামবাগের দুই বিদেশি এলিটা কিংসলে ও বেনজামিন কুপারের ছন্দোবদ্ধ আক্রমণে ব্রাদার্স কোণঠাসা হয়ে পড়ে। ম্যাচের প্রথম দুটি গোলই বেনজামিন করেছেন এলিটার বাড়িয়ে দেওয়া বলে। গোল দুটি খেয়েই যেন হুঁশ ফেরে ব্রাদার্সের। অ্যান্টনির শট ক্রসবারে লেগে ফিরলে তা থেকে ২২ মিনিটে কিংসলে সিগোজি করেন প্রথম গোল। এর মিনিট তিনেক আগে কিংসলেরই একটি শট ক্রসবারে প্রতিহত হয়। ২৫ মিনিটে আরামবাগের গুডউইন স্কোর করেন ৩-১। ৪১ মিনিটে ব্রাদার্সের দিদারুল করেন ৩-২।দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া ব্রাদার্সের পক্ষে ৫৬ ও ৬০ মিনিটে দুই গোল করে লিগের ষষ্ঠ হ্যাটট্রিক করেন কিংসলে। বাকি সময় অনেক সুযোগ পেয়েও আরামবাগ তা কেন যে কাজে লাগাতে পারল না, সেটি একটি প্রশ্ন। তবে এগিয়ে থেকেও এমন হারে আরামবাগের কোচ জাহিদুর রহমানকে হতাশায় মুহ্যমান দেখাল। বললেন, ‘এভাবে হেরে যাব ভাবিনি। আসলে আমাদের বিদেশিরাই ডুবিয়েছে।’ ব্রাদার্সের কোচ সৈয়দ নঈমুদ্দিন জয়ে উচ্ছ্বসিত, ‘পিছিয়ে পড়লেও হাল ছাড়িনি। শেষ ম্যাচের পর কেউ অনুশীলনই করেনি। তাই শুরুর দিকে একটু অগোছালোভাবে খেলছিল ছেলেরা। তবে সময়মতোই খেলায় ফিরেছে।’