ব্রাদার্সের বিস্ময়কর হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহমতগঞ্জ ৪: ০ ব্রাদার্সম্যাচটা দেখে মনে হয়েছে ব্রাদার্স ইউনিয়ন যেন তৃতীয় বিভাগের কোনো দল। রহমতগঞ্জ তাই সহজে জিতে গেল ম্যাচটা। কিন্তু ব্যবধানটা হলো বিস্ময়কর। অবনমনের শঙ্কায় কাঁপতে থাকা রহমতগঞ্জ কিনা ৪ গোলে উড়িয়ে দিয়েছে টানা ৭ ম্যাচ অপরাজিত থাকা ব্রাদার্সকে! রহমতগঞ্জের কাছে ব্রাদার্স ৪ গোল খাওয়ার দল নয়। এদিন ব্রাদার্সকে জেতার ব্যাপারে খুব একটা আগ্রহী দেখাল না কেন? যৌক্তিক প্রশ্ন ছিল দর্শকদের মনে। তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শেষে গুঞ্জন—বাফুফের নির্বাচনে রহমতগঞ্জের ভোট পাওয়ার জন্যই কি ম্যাচটা ছেড়ে দিল ব্রাদার্স? ৩০ এপ্রিলের নির্বাচনে ব্রাদার্সের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি সহসভাপতি এবং ম্যানেজার আমের খান প্রার্থী হয়েছেন সদস্য পদে। ভোটের ময়দানে তাঁরা প্রার্থী হওয়ায় ওই গুঞ্জন ডালপালা মেলল। তবে মাঠে উপস্থিত মহিউদ্দিন মহি বললেন, ‘প্রশ্নই আসে না ম্যাচ ছাড়ার। আমরা এই ম্যাচ জিতলে নিজেরা অবনমন থেকে আরেকটু সেভ হতাম। কাজেই আমরা ছাড়ব কেন?’ আমের খান পকেট থেকে একটা দরখাস্ত বের করে জানালেন ক্ষোভ, ‘বাফুফেকে এই দরখাস্ত দিয়ে আমরা লিগটা স্থগিত করতে চেয়েছিলাম। কারণ বারবার নানা অজুহাতে খেলা বন্ধ হওয়ায় আমাদের ক্ষতি হচ্ছে। এভাবে ১৫-২০ দিন পর একটা ম্যাচ খেলার কোনো মানে নেই। আমরা ১৬ দিন পর ম্যাচ খেললাম। আমি আজ দল মাঠে নামানোর পক্ষেই ছিলাম না। ম্যাচ ছাড়ার গুঞ্জন ঠিক নয়। আমাদের দল খুবই বাজে খেলেছে।’একটা দল হারতেই পারে। তবে এদিন ব্রাদার্সকে চেনাই যায়নি। প্রথম দুই ম্যাচে হারের পর কোচ সৈয়দ নইমুদ্দিন এসে হাল ধরেন। তারপর জয় দুটি। ড্র পাঁচটি। অনেকটা উড়তে থাকা সেই ব্রাদার্স কাল দাঁড়িয়ে দাঁঁড়িয়ে গোল খেয়েছে। হ্যাটট্রিক করেছেন রহমতগঞ্জের ইদ্রিস কাসুরি। লিগে যেটি সব মিলিয়ে চতুর্থ হ্যাটট্রিক। দুর্ভাগ্যের বিষয়, চারটি হ্যাটট্রিকই চার বিদেশির! ইদ্রিস কাসুরি গোলের খাতা খোলেন ৩২ মিনিটে। ৫৪ মিনিটে পেনাল্টিতে ২-০ এবং ও ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ গোলটা রনির। তবে রহমতগঞ্জ গোল করতে পারত অন্তত সাত-আটটি। তবে লিগে দ্বিতীয় জয় পাওয়াটা রহমতগঞ্জের জন্য ছিল স্বস্তির। পয়েন্ট হলো ১০ ম্যাচে ৯। সমান ম্যাচে ১১ পয়েন্ট ব্রাদার্সের।বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন বাংলাদেশ লিগের খেলা শুরু হয়েছে ১১ দিন পর। সমুদ্রজয় উপলক্ষে এই মাঠে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে ১৮ এপ্রিল। এর আগে ১৬ এপ্রিল বন্ধ হয়ে যায় খেলা। ক্ষতিগ্রস্ত মাঠ মেরামত এবং হরতাল শেষে প্রথম পর্বের শেষ তিনটি ম্যাচের প্রথমটি হলো। কিন্তু ব্রাদার্সের অসহায় আত্মসমর্পণ রেখে গেল কিছু প্রশ্ন।