প্রথম দুই ম্যাচে এক পয়েন্ট। ব্রাদার্স একটু চিন্তায় পড়ে গিয়েছিল। তবে তৃতীয় ম্যাচেই বড়শিতে ‘বড় মাছ’ তুলে ফেলল সৈয়দ নইমুদ্দিনের দল। শিকারের নাম গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল ক্রীড়াচক্র।
উদীয়মান স্ট্রাইকার রুবেল মিয়ার একমাত্র গোলে বধ হয়েছে শেখ রাসেল। ছোটখাটো গড়নের কুড়ি বছর বয়সী রুবেলের একমাত্র গোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সম্প্রতি ইরাকে হারিয়েছিল কুয়েতকে। গাইবান্ধার এই ফরোয়ার্ড কাল ব্রাদার্সকে স্মরণীয় গোলটা এনে দিলেন ৭৩ মিনিটে। বাংলাদেশ লিগে যেটি তাঁর প্রথম গোলও।
কেস্টার আকনের আড়াআড়ি পাস, রুবেলের দারুণ শটে লক্ষ্যভেদ। তবে রেফারি জালাল উদ্দিন ভুল বাঁশি বাজিয়েছেন বলে অভিযোগ তোলে রাসেল। সাধারণত রেফারিং নিয়ে খুব একটা অভিযোগ করেন না রাসেল কোচ মারুফুল হক। কিন্তু কাল তিনি ভীষণ প্রতিক্রিয়া দেখালেন সংবাদ সম্মেলনে এসে, ‘ওটা তো গোল হয় না। আমাদের ফরোয়ার্ড আনোয়ারকে ফাউল করা হলো। সে প্রতিক্রিয়া দেখানোয় উল্টো হলুদ কার্ড দেখল। আনোয়ার মনঃসংযোগ হারিয়েছে সে সময়। ওর পাশেই রুবেল থাকায় গোলটা হয়েছে। রেফারিং ভীষণ বাজে লাগল, এটা একটুও মেনে নেওয়া যায় না।’
রেফারিং নিয়ে হররোজ এমন অভিযোগ শোনা যায়। তবে এবার শক্তি হারালেও খারাপ খেলছে না শেখ রাসেল। লিগে প্রথম দুই ম্যাচেই জয় তোলা রাসেল কালও মোটামুটি ভালোই খেলেছে। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করারই মাশুলই এই হার।
এমন নয় যে, ব্রাদার্স যোগ্যতর দল হিসেবেই জিতেছে। ব্রাদার্স একটু ভাগ্যের ছোঁয়া পেয়েছে। রাসেলের রক্স দুটি, রবিন ও মিঠুন একটি করে সহজ সুযোগ নষ্ট করেছেন। এগুলোর একটি গোল হলে ম্যাচের ফল অন্য রকম হয়। ব্রাদার্স গোলরক্ষক রঘু পোস্টের নিচে নির্ভরতা দিয়েছেন তাঁর দলকে, রঘুরই পাওনা বাড়তি প্রশংসা।
পুরো শক্তির রাসেল মাঠে ছিল না, ব্রাদার্সের পক্ষে লড়াইটা তাই তুলনামূলক সহজই হয়েছে। ডিফেন্ডার রজনী, মামুন মিয়া, শাকিল, ইমুর সঙ্গে দুই গুরুত্বপূর্ণ বিদেশি ম্যাক্সিম ও ফ্রান্সিস ফিট নন। তাঁদের ছাড়া রাসেল একটু সমস্যায়ই পড়েছে, যদিও সামনের ম্যাচে দুজনকে পাওয়া যাবে বলে আশা কোচের। লিগটা ২৭ ম্যাচের। লম্বা পথ। দুই জয়ের পর এই হারে তাই ‘গেল, গেল’ ভাবার কিছু দেখছেন না কোচ মারুফুল হক।
চতুর্থবার ব্রাদার্সের দায়িত্ব নিয়ে তৃতীয় ম্যাচে জয়, ব্রাদার্স কোচ সৈয়দ নইমুদ্দিন আনন্দিত তো হবেনই। তবে আনন্দের লাগামটাও তিনি টেনে ধরতে জানেন, ‘আমি কিছুটা খুশি। তবে পুরোপুরি নয়। এখনো অনেক পথ যেতে হবে।’
সেই যাত্রার তৃতীয় রাউন্ডেই শেখ রাসেলের ৩ পয়েন্ট হারানো, ব্রাদার্সের ঘুরে দাঁড়ানো—কিসের ইঙ্গিত দিচ্ছে?