ব্রান্ডেনবুর্গ তোরণে কিছুক্ষণ
আবার কেঁপে উঠল বার্লিন।কাঁপিয়ে দিল বিশ্বকাপজয়ী ফিলিপ লামের দল।
রিও ডি জেনিরো থেকে বার্লিনের ট্যাগেল বিমানবন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে শুরু বীরবরণ। ব্রান্ডেনবুর্গ তোরণ এলাকার ওপর দিয়ে বিমান চক্কর দেওয়ার দৃশ্য দেখে আনন্দে মেতে ওঠে কয়েক লাখ জনতা। তারপর বিমান নামতেই দুদিক থেকে কৃত্রিম ঝরনা তৈরি করা হলো।
বিশ্বকাপ শুরুর পর থেকেই লাখ লাখ জার্মান বার্লিনের এই ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ তোরণের সামনে বড় পদায় খেলা দেখেছে। সবাই তৃপ্ত। জনতা কখনো ন্যয়ারের নামে জয়ধ্বনি তুলেছে, কখনো ক্লোসা, কখনো গোটশে। সেই স্বপ্নের বিশ্বজয়ী ফুটবল তারকারা কাল পা রাখলেন প্যারিসার স্কোয়ারে, ৩০০ বছরের পুরোনো সেই ব্রান্ডেনবুর্গ তোরণের নিচে স্থাপিত সবুজ কার্পেটে মোড়া ৩০ মিটার লম্বা বিজয় মঞ্চে।
সকাল থেকেই জার্মানির নানা প্রান্ত থেকে ফুটবল অনুরাগীরা এখানে এসেছে। ১৯৯০ সালের পর আবার একটি বর্ণাঢ্য বিজয় অনুষ্ঠানের সাক্ষী হয়েছে তারা। দুদিন আগে এখানেই এক কিলোমিটারের বেশি রাস্তাজুড়ে ১১টি বিশাল পর্দার সামনে ফাইনাল দেখেছিল পাঁচ লক্ষাধিক মানুষ। তাদের বিমুখ করেনি ফুটবলবিধাতা।
জার্মানি এ নিয়ে চারবার বিশ্বকাপ জিতল—১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪। চারটি তারকাসংবলিত কালো রঙের লম্বা ছাদ খোলা ট্রাকে করে ফুটবল-বীরেরা ব্রান্ডেনবুর্গ তোরণের দিকে যাওয়ার পথে হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে, পতাকা দুলিয়ে, গান গেয়ে অভিনন্দন জানাল। বিজয় মঞ্চে পৌঁছে বিশ্বকাপজয়ী খেলোয়াড়েরা নেচেগেয়ে কয়েক লাখ মানুষকে মাতিয়ে তোলেন। সে এক অভূতপূর্ব দৃশ্য!
বার্লিন শহরের প্রাণকেন্দ্র প্যারিসার স্কোয়ার ছাড়িয়ে জমায়েত ছড়িয়ে পড়ল আরও অনেক পথ। স্ট্রাসে ডের জিবসেন্টে জুনি সড়ক ও আশপাশেও কয়েক লাখ মানুষ নাচগানে উদ্যাপন করলেন এ আনন্দক্ষণ।
তবে এমন সাফল্যেও জার্মান সরকার সোমবার জাতীয় ছুটি দেয়নি। অনেকে বাধ্য হয়ে কাজে গিয়েছেন। তবে অন্য দিনের চেয়ে একটু দেরিতে। স্কুল-কলেজে উপস্থিতি ছিল কম।