ব্রাফেটের ধারকর্জ
উইকেটে কার্লোস ব্রাফেট, জয়ের জন্য দরকার ১৯ রান। শুনেই মনে পড়ে যেতে পারে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কথা! ইডেন গার্ডেনের সেই চার ছক্কা-কাণ্ড ভোলা তো কঠিন! তবে পরশু বিগব্যাশ অভিষেকে অমন অতিমানবীয় কিছু করতে পারেননি ব্রাফেট। সিডনি থান্ডারের নতুন সদস্য খেলেছেনই মাত্র ৪ বল, করেছেন ৬ রান।
স্ত্রীকে নিয়ে ছুটি কাটাচ্ছিলেন ইউরোপে। এ অবস্থায় ডাক এল অস্ট্রেলিয়া থেকে। ব্রাফেট পৌঁছালেও তাঁর ব্যাট-কেডস সময়মতো এসে পৌঁছায়নি। কিন্তু খেলতে তো হবে! তাই শুরু করলেন ধারকর্জ, ‘আমাকে জুতা ধার দেওয়ার জন্য প্যাট কামিন্সকে ধন্যবাদ!’ গ্লাভস ধার করেছেন সিডনির এক বন্ধুর কাছ থেকে। কিন্তু ব্যাট নিয়েই পড়লেন বিপদে। থান্ডারের কারও ব্যাটই মনে ধরছিল না তাঁর। তখনই মনে পড়ল হেইলি ম্যাথুজের কথা। মেয়েদের বিগ ব্যাশে খেলছেন ক্যারিবীয় এই অলরাউন্ডারও। তাতেই রক্ষে, ম্যাথুজের তিনটি ব্যাটের একটা ধার করেই খেললেন প্রথম ম্যাচ। থান্ডারের পরের ম্যাচ শনিবার, এর আগেই কিটব্যাগটা পেয়ে যাওয়ার কথা ব্রাফেটের। সিডনি মর্নিং হেরাল্ড।