ব্রাভো, ড্যারেন ব্রাভো!
কল্পিত চিত্রনাট্য মেনেই এগিয়ে যাচ্ছিলেন ড্যারেন ব্রাভো। ১২ টেস্ট শেষে লারার সঙ্গে রান ও গড় ছিল সমান। ১৩তম টেস্টের একমাত্র ইনিংসে লারা করেছিলেন ১৬৭। ক্রিকেটের বিচিত্র পরিসংখ্যান যাঁদের রোমাঞ্চিত করে, তাঁদের দম বন্ধ করা উত্তেজনার হঠাৎই হতাশাজনক অবসান। ১৬৬ রানে কট বিহাইন্ড ব্রাভো!লারাকে যেভাবে অনুসরণ করেন, কিছুটা আক্ষেপ থাকতেও পারে ব্রাভোর। তবে তার চেয়ে অনেক বেশি থাকবে টানা দ্বিতীয় সেঞ্চুরির তৃপ্তি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৪৯ ইনিংসে তিন অঙ্কের সঙ্গে যার দেখা হয়নি, সর্বশেষ ছয় ইনিংসেই তা ছুঁলেন তিনবার!চার তরুণের সৌজন্যে মুম্বাই টেস্টের প্রথম দিনটি ছিল ওয়েস্ট ইন্ডিজের। কাল যোগ হলেন আরও দুজন—পাওয়েল ও স্যামুয়েলস। শেষ দিকে ৪৮ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়েছে ভারত, কিন্তু শীর্ষ ছয়ের বীরত্বে উইন্ডিজের রান হয়ে গেছে ৫৭৫। টেস্ট শুরুর আগে এই ছয়জনের মোট রান ছিল ৩০৯৩, এবার এক ইনিংসেই করলেন এর প্রায় ১৪ শতাংশ (৫২৪)! টানা দুই দিন ফিল্ডিংয়ে ক্লান্ত ভারতকে শেষ বিকেলে ব্যাটিংয়ে পাঠিয়ে দু-একটি উইকেট তুলে নেওয়ার চেষ্টা উইন্ডিজ কেন করল না, এই প্রশ্ন অবশ্য উঠছে।প্রথম দিন তবু উইকেটে কিছুু ছিল, কাল ন্যূনতমও সহায়তাও পেলেন না বোলাররা। দিনটা কেমন যাবে, ইঙ্গিত মিলেছিল সকালেই। প্রথম দুই বলে দারুণ দুটি চারে দিন শুরু করেছিলেন ব্রাভো। তাঁর আগে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন এডওয়ার্ডস। কিন্তু মরা উইকেটে মুহূর্তের জন্য যেন প্রাণ সঞ্চার করলেন ইশান্ত। বাড়তি লাফানো বলের আউট সুইংয়ে কট বিহাইন্ড এডওয়ার্ডস। সেঞ্চুরিটা মুঠো থেকে ফেলে এসেছেন কাইরান পাওয়েলও। এমনিতে ওপেনার চন্দরপলের বদলে পাঁচে নেমে দারুণ খেলে করেছেন ৮১। চতুর্থ উইকেটে ব্রাভোর সঙ্গে গড়েছেন ১৬০ রানের জুটি। প্রথম টেস্ট সেঞ্চুরি যখন হাতছানি দিচ্ছে, আউট হলেন ওঝার স্পিন না করা এক বলে আলসে শট খেলে।ব্রাভো তিন অঙ্ক ছুঁয়েছেন ১৫৩ বলে। লারার মতোই বড় ইনিংসের দিকে ঝোঁক, তিন টেস্ট সেঞ্চুরির দুটিতেই ছাড়ালেন দেড় শ। ‘১৬৭’ না হওয়ার হতাশা অবশ্য পরিসংখ্যান-প্রিয়দের জন্য থাকছেই। তবে হতাশার অপর পিঠেই আছে আশা। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১ করলেই রান ও গড়ে পাশাপাশি থাকবেন মামা-ভাগনে! ওয়েবসাইট।