ব্রাভো আবারও তাকিয়ে বাংলাদেশের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা বাংলাদেশেই করেছিলেন ড্যারেন ব্রাভো। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে করা ১৯৫ রানের ইনিংসটা এখনো তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ। বাংলাদেশের ফর্মটাকেই যেন ভারতে নিয়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। শারীরিক গড়ন ও ব্যাটিং স্টাইলে ব্রায়ান লারাকে মনে করিয়ে দেওয়া এই ত্রিনিদাদিয়ান ভারতে করেছিলেন দুটি টেস্ট সেঞ্চুরি। পরিসংখ্যানেও তখন লারাকে ছুঁয়ে থাকা ব্রাভো এরপরই হারিয়ে ফেলেন নিজেকে। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এরপর খেলা ১৮ ম্যাচে তাঁর মাত্র দুটি ফিফটি। বছর পেরোতে না-পেরোতেই ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে আবারও বাংলাদেশে আসছেন ব্রাভো। নভেম্বরের সিরিজটাকেই পাখির চোখ করেছেন, ভাবছেন ব্যাটিংয়ে আবারও জোয়ার আনবেন এই সিরিজ দিয়েই। তবে নিজের এখনকার ফর্মটাকেও বাজে বলতে নারাজ ব্রাভো। ফর্মটা নাকি সঠিক পথেই আছে, দরকার শুধু আরেকটু গতি আনা।আগামী ৩ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের সফরে ২টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকা থেকে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলে দেশে ফিরে কাল ত্রিনিদাদ এক্সপ্রেসকে বাংলাদেশ সফর নিয়ে নিজের ভাবনার কথা জানালেন ব্রাভো, ‘আমি আমার খেলা নিয়ে প্রচণ্ড পরিশ্রম করেছি, এখন পর্যন্ত এর সুফলটাও পেয়েছি। আমার দরকার শুধু (বাংলাদেশে) পারফর্ম ও পরিশ্রম করে যাওয়া।’২৩ বছর বয়সী এই ক্রিকেটার কুঁচকির চোট ও ফর্ম দুটি মিলিয়েই বাদ পড়েছিলেন নিউজিল্যান্ড সিরিজ থেকে। এরপর ইংল্যান্ড সফরে দলে ফেরেন। ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলেও। যদিও ম্যাচ খেলেছেন মাত্র দুটি। সব ম্যাচ না খেললেও ইতিহাসের অংশ হতে পেরেই খুশি ব্রাভো, ‘বিশ্বকাপ জেতাটা দারুণ ব্যাপার। ক্যারিবিয়ান ছাড়ার আগেই বিশ্বকাপ জেতাটাকেই লক্ষ্য বানিয়েছিলাম আমরা।’ ওয়েবসাইট।