ব্রাভো আর বৃষ্টিতে ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামি বেশি ভাগ্যবান নাকি ম্যাককালাম বেশি দুর্ভাগা?
উত্তর—দুটোই। ড্যারেন ব্রাভোর প্রথম ডাবল সেঞ্চুরি চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজকে স্বপ্ন দেখাচ্ছিল ড্রয়ের। হলোও তা-ই। তবে তাতে ব্রাভো-স্যামিদের চেয়েও শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখল বৃষ্টি। ভাগ্যদেবী যেন ক্যারিবীয়দের হার বাঁচাতে নিজ হাতেই নামিয়ে আনলেন বৃষ্টি!
টেস্টের প্রথম চার দিন তো বটেই; কাল শেষ দিনেও ছিল ডানেডিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কিন্তু চা-বিরতির আগে আগে হঠাৎ করেই নামল অঝোর বৃষ্টি। নিউজিল্যান্ড জয় থেকে তখন মাত্র ৩৩ রান দূরে দাঁড়িয়ে!
ড্রয়ের সম্ভাবনায় ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ভরসা হয়েছিলেন ব্রাভো ও স্যামি। কিন্তু কাল দিনের চতুর্থ ওভারেই ফিরে যান ব্রাভো। ২১৮ রানে বোল্টের বলে বোল্ড। এর পরও ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি পূর্ণ করা স্যামি চালিয়ে যান লড়াই। শিলিংফোর্ডকে নিয়ে অষ্টম উইকেটে গড়েন ৩৮ রানের জুটি। শিলিংফোর্ড ও টিনো বেস্ট ফিরে যাওয়ার পর স্যামিকে আউট করে এই লড়াইটাও শেষ করে দেন সাউদি। ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চের আগেই অলআউট, ৫০৭ রানে। লিড পায় ১১১ রানের। খেলা তখনও দুই সেশনের বেশি বাকি। নিউজিল্যান্ডের জয়টাকে তাই সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। তবে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ঝাঁকুনি খায় ভালোই। লাঞ্চের আগেই হারায় ১ উইকেট, লাঞ্চের পর ৪৪ রানের মধ্যে আরও ৩ উইকেট। অফ স্পিনে ৪টি উইকেটই তুলে নেন শিলিংফোর্ড। ম্যাচে তখন নাটকীয়তা। রস টেলর ও কোরি অ্যান্ডারসনের ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি সেই উত্তেজনা সরিয়ে জয়টাকে দেখায় কিউইদের হাতের নাগালেই। কিন্তু বৃষ্টি এসে শেষ করে দিয়েছে সব। ওয়েবসাইট।
আরেকবার অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন হাতছাড়া হওয়ায় ম্যাককালামের কণ্ঠে ঝরল হতাশা, ‘আমার বিশ্বাস, বৃষ্টি না এলে, আমরা হয়তো জিততাম। মাত্র ৩৩ রান দূরে থেকে জয় হাতছাড়া করাটা হতাশার।’ স্যামি ড্রটাকে দেখছেন দলের ‘মানসিক জয়’ হিসেবে, ‘প্রথম ইনিংস শেষে আমরা যে অবস্থায় ছিলাম, সেখান থেকে ঘুরে দাঁড়াতে পেরে আমরা খুশি।’