ব্রাভোকে ছাপিয়ে ডি ভিলিয়ার্স
ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৩ ওভারে ২২২দ. আফ্রিকা: ৪২.৫ ওভারে ২২৩/৩ফল: দ. আফ্রিকা ৭ উইকেটে জয়ীযেন ফিরে এলেন ব্রায়ান লারা! ফিরে আসতে পারত ১৯৯৬ বিশ্বকাপের স্মৃতিও। যেবার ব্রায়ান লারার দুর্দান্ত এক সেঞ্চুরি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। কাল ‘লারা’ সেঞ্চুরি পাননি, জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজও।ওয়েস্ট ইন্ডিজের বেঁধে দেওয়া ২২৩ রানের লক্ষ্য অনায়াসে টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ বিশ্বকাপে ১৪৬ রান করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। কাল দিল্লিতেও নায়ক ভিলিয়ার্সই, অপরাজিত সেঞ্চুরি করে। তবে ৭ উইকেটের এই জয়ে বড় অবদান রাখলেন অভিষিক্ত স্পিনার ইমরান তাহিরও। ১ উইকেটে ১১৩ থেকে ওয়েস্ট ইন্ডিজ যে ২২২ রানেই অলআউট, গুরুত্বপূর্ণ চারটি উইকেট নিয়ে তাহিরই তাতে রাখলেন বড় ভূমিকা। কিন্তু এত সবের মধ্যে লারা এলেন কীভাবে? ড্যারেন ব্রাভোতে ভর করে! এমনিতে ওয়েস্ট ইন্ডিয়ান এই কিংবদন্তি ড্যারেনের আত্মীয়। তার ওপর ড্যারেনের খেলার স্টাইলের সঙ্গে লারার এত মিল, তুলনাটা অবশ্যম্ভাবী।কালও হলো। সেই কাভার ড্রাইভ, সেই কবজির আলতো মোচড়ে ফ্লিক, এক পা তুলে দর্শনীয় পুল, মোহনীয় সুইপ। কালও লারার অনেক শটের স্মৃতি মনে করিয়ে দিলেন ব্রাভো ভাইদের ছোটজন। অথচ উইকেটে তাঁকে আসতে হয়েছিল স্নায়ুর চাপ নিয়ে। ইয়োহান বোথাকে প্রথম ওভারেই বল করানোর ফাটকাটা দারুণভাবে কাজে দিয়েছিল গ্রায়েম স্মিথের। তৃতীয় বলেই বিদায় নিয়েছেন ক্রিস গেইল।স্পিনে ওয়েস্ট ইন্ডিয়ানদের জুজু, ২ রানের মাথায় গেইলকে হারানো—নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা ২২ বছর বয়সীর জন্য মঞ্চ প্রস্তুত! একটু সময় নিলেন। পাঁচ বল। দ্বিতীয় ওভার করতে আসা ডেল স্টেইনের শেষ তিন বলে দুটো চার!এর পর? বেশির ভাগ সময়ই লারাকে মনে করিয়ে দেওয়া এক ইনিংস। সবচেয়ে মনে থাকার মতো শট—জ্যাক ক্যালিসের মতো ‘মুরব্বি’কে লং অফ দিয়ে চার। তিন বলের মধ্যে দুটো চার খেয়ে ক্যালিস কয়েক সেকেন্ড বিমূঢ় তাকিয়ে থাকলেন ড্যারেনের দিকে। হেলমেটের গ্রিলের ফাঁক দিয়ে ভাবলেশহীন একজোড়া চোখেরই দেখা মিলল পাল্টা জবাবে। লারা!৫৫ বলে ফিফটি, তাহিরের ওই ওভারেই ছয়। ডোয়াইন যেন অপ্রতিরোধ্য। সঙ্গী ডেভন স্মিথ হয়তো বোঝালেন, সামনে লম্বা পথ। ৫৯ থেকে ৭৩-এ পৌঁছালেন শুধু এক-দু রান নিয়ে। সেঞ্চুরিটা নাগালে। তক্ষুনি করে বসলেন ভুল। পুরো ইনিংসে একটাই বাজে শট। সেটার মাশুল গুনলেন বোথার শিকার হয়ে।সেঞ্চুরি হয়তো পাননি। তবে ড্যারেনের তৃপ্তি ছিল শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ১১১ রানের দারুণ এক জুটি গড়ার। এর আগে টেস্ট-ওয়ানডে মিলে এ মাঠে সাত ম্যাচের একটিও যে ওয়েস্ট ইন্ডিজ হারেনি, সেই তথ্যও হয়তো মনে পড়ে গেল অনেকের। ওয়েস্ট ইন্ডিজ যে প্রত্যাশার চেয়েও ভালো শুরু পেয়ে গেছে।কিন্তু ক্যারিবিয়ানরা এর পরই ফিরল ‘আসল’ চেহারায়। ৭ রানের ব্যবধানে ডোয়াইন, স্মিথ আর রামনরেশ সারওয়ানের বিদায়। দুটো উইকেট নিলেন ইমরান তাহির। সেই ধাক্কা সামলাতে দায়িত্ব কাঁধে নিলেন বড় ব্রাভো—ডোয়াইন। চন্দরপলের সঙ্গে ৫৮ রানের জুটিতে তিনি নিজে দিয়ে গেলেন ৪০ রান। দুই ব্রাভোর পর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে আর কিছু নেই। ১৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট ২২২ রানে!শুরুতে মার খেয়ে আক্রমণ থেকে সরে যাওয়া ডেল স্টেইন ফিরে এসে তুলে নিলেন ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের লেজটা ছাঁটলেন তিনিই। তবে এই ধসের মূল কারিগর তাহির। স্মিথ-সারওয়ানের পর চন্দরপল আর ডেভন টমাসকেও ফিরিয়েছেন। উইকেটের দিক দিয়ে অভিষেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ডও করলেন। বুঝিয়ে দিলেন, কেন তাঁকে দলে পেতে এত ব্যাকুল হয়ে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।ওয়েস্ট ইন্ডিজও শুরু করেছিল স্পিনার দিয়ে। সুলিমান বেন করলেন প্রথম ওভার। ওয়ানডে ইতিহাসে এই প্রথম দুই ইনিংসেই বোলিং শুরু হলো দুই স্পিনারকে দিয়ে। ফাটকা কাজে লেগেছিল ড্যারেন স্যামিরও। নিজের চতুর্থ ওভারেই বেন ফেরালেন ক্যালিসকে। আগের ওভারে কেমার রোচের শিকার হাশিম আমলা। ২০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে একটা ধাক্কাই খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে স্মিথ-ডি ভিলিয়ার্সের ১১৯ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে। স্মিথ বিদায় নিলেও ডি ভিলিয়ার্সের সঙ্গে জেপি ডুমিনির অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটি বিশ্বকাপে শুভ সূচনা এনে দেয় প্রোটিয়াদের। দিনশেষে হয়তো ডি ভিলিয়ার্সের কাছে হেরে গেলেন ড্যারেন ব্রাভো। ব্রাভো ভাইদের দুঃখ বাড়ল ডোয়াইন চোট নিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়ায়। কিন্তু ২০০৭ বিশ্বকাপ দিয়ে লারাকে হারিয়ে ফেলার যে অপূরণীয় শোকে ডুবে গিয়েছিল ক্রিকেট-বিশ্ব, আরেকটি বিশ্বকাপে এসে তার কিছুটা হয়তো শুষেও নিলেন ড্যারেন!