
ইনিংস হারের শঙ্কা ছিলই। সেটা আরও গাঢ় হয় সাতসকালেই। দিনের চতুর্থ ওভারেই আউট মারলন স্যামুয়েলস। একটু পর দলের সবচেয়ে বড় ভরসা শিবনারায়ণ চন্দরপলও ফিরে যান মাত্র ১ রান করে। ২ উইকেটে ১৬৮ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ মুহূর্তেই ৪ উইকেটে ১৮৫ রানের দল। ইনিংস হারটাকেই তখন মনে হচ্ছিল ক্যারিবীয়দের নিয়তি! কিন্তু কাল চতুর্থ দিন শেষে ইনিংস হার এড়িয়ে সেই ওয়েস্ট ইন্ডিজ দেখছে ম্যাচ বাঁচানোর স্বপ্ন।
ক্যারিবীয়দের স্বপ্ন-সারথি এখন ড্যারেন ব্রাভো। এর আগে ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় করা ১৯৫ রান ছিল তাঁর সর্বোচ্চ টেস্ট রান, কাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিই পেয়ে গেলেন ব্রাভো। যেটি ইনিংস হারের শঙ্কা মুছে দলকে এনে দিয়েছে লিডও। অসমাপ্ত দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৪৪৩। ৪৭ রানের লিড, হাতে রয়েছে ৪টি উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তাঁর মধ্যে অনেকেই খুঁজে ফিরছে ব্রায়ান লারার ছায়া। আত্মীয়তার সম্পর্ক তো আছেই, ছোট ব্রাভোর ব্যাটিংয়ের ধরন অনেকটা লারার মতোই। তবে ধীরে ধীরে সেই তুলনাটা যেন হারিয়েই যেতে বসেছিল! এমন নয় যে, রান একেবারেই করছিলেন না। তবে দলকে এক হাতে টেনে নিয়ে যাওয়া বলতে যা বোঝায়, সেটাই পারছিলেন না। খেলতে পারছিলেন না লম্বা ইনিংস। অবশেষে লম্বা ইনিংস খেললেন ব্রাভো। চাপের মুখে দাঁড়িয়ে খেললেন হার না-মানা ২১০ রানের ইনিংস। ডাবল সেঞ্চুরি দিয়ে দলকে টেনে তুলে নিজেও ঢুকে গেছেন ইতিহাসের পাতায়। এটি ফলোঅনে নেমে ইতিহাসের সপ্তম ডাবল সেঞ্চুরি।
এই তথ্যটার মধ্যে ক্যারিবীয়দের জন্য স্বস্তির একটা ব্যাপারও আছে। ফলোঅন করতে নেমে আগের ছয়টি ডাবল সেঞ্চুরি করা ম্যাচই ড্র হয়েছে! ব্রাভোর ডাবলও কি পারবে ম্যাচটা বাঁচিয়ে দিতে? স্যামির দলের জন্য এখনো কাজটা কঠিনই বটে; তবে সম্ভাবনাকে বাতিল আপনি করতে পারেন না। বিশেষ করে নিষপ্রাণ উইকেটে যখন ব্রাভোর সঙ্গে আছেন থিতু হয়ে যাওয়া অধিনায়ক ড্যারেন স্যামিও। ক্যারিয়ারে এই প্রথম ৩০০ বা এর বেশি বল খেললেন ব্রাভো। ২০০ বলে সেঞ্চুরি এবং ৩৯০ বলে ডাবল ছোঁয়া ব্রাভো ২০১ রান করতে খেলেছেন ৪০৪ বল। যার ৩০টি বলকেই করেছেন মাঠ ছাড়া।
সকালে স্যামুয়েল-চন্দরপলকে হারানোর পর ব্রাভো প্রথম প্রতিরোধ গড়েন দেওনারায়ণকে (৫২) সঙ্গে নিয়ে, পঞ্চম উইকেটে গড়েন ১২২ রানের জুটি। এরপর রামদিনের (২৪) সঙ্গে ৫৬ রানের জুটি। পরে অধিনায়ক স্যামির সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন ৮০ রানের জুটিতে ইনিংস হার এড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ পায় লিড। ম্যাচ বাঁচাতে আজও এই জুটির দিকেই তাকিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। তথ্যসূত্র: ক্রিকইনফো।