ব্রাভোর বিনয় আর হাফিজের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব কটিতে সেমিফাইনালে উঠেছে তারা। দুবার ফাইনালে উঠে চ্যাম্পিয়নও হয়েছে একবার। সেই পাকিস্তান কিনা এবার সেমিফাইনালের আগেই বিদায় নিল টুর্নামেন্ট থেকে! এমন ব্যর্থতার পরও কি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন না মোহাম্মদ হাফিজ?
কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিকই তুললেন প্রশ্নটা। এমন প্রশ্নে অন্য কোনো দেশের অধিনায়ক কী বলতেন কে জানে, শেহজাদ কিন্তু উত্তরটা দেওয়ার আগে মুচকি হাসলেন, ‘এই ম্যাচে হারের দায়িত্বটা আমরা সবাই নিচ্ছি...খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট সবাই। এ জন্য আমরা দুঃখিত। পাকিস্তানের সবার কাছে এ জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি।’
হাফিজ তো তবু পরাজিত দলের অধিনায়ক। ম্যাচ শেষে উচ্চ কণ্ঠে কথা বলা তাঁকে মানায়ও না। কিন্তু কাল ডোয়াইন ব্রাভোও যে অনেক বিনয়ী! শুধু ব্রাভো কেন, গোটা ওয়েস্ট ইন্ডিজ দলের কথাই ধরুন। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর যে রকম উদ্দাম উল্লাসে মেতেছিল গোটা দল, কাল তাদের আবেগ কতই না নিয়ন্ত্রিত! পাকিস্তানের সঙ্গে জয়টাকে কি তাহলে প্রাপ্যই ধরে নিয়েছিল ক্যারিবীয়রা? প্রশ্নটা শুনে বিনয়ে গলে পড়তে পড়তে ব্রাভো বললেন, ‘আজ (গতকাল) সে রকম বড় উদ্যাপনের কোনো প্রয়োজন ছিল না। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রায় একই রকম দল। আর আগের ম্যাচে কেন ওরকম উদ্যাপন হয়েছে, সেটা সবাই জানে...কিছু উত্তপ্ত কথাবার্তা হয়েছিল। ম্যাচটা তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা আমাদের সামর্থ্যটা প্রমাণ করতে চেয়েছিলাম এবং সেটা করেছি। দিন শেষে আমরা সবাই ক্রিকেটার, সবাই মানুষ।’
অস্ট্রেলিয়াকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজ দলের আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছিল কয়েক গুণ। মিরপুরে কাল সেটারই বহিঃপ্রকাশ দেখল পাকিস্তান। তবে পাকিস্তানের সামনে শেষ পর্যন্ত জেতার মতো সংগ্রহ দাঁড় করাতে পারলেও ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও খুব একটা ভালো হয়নি। ৪ ওভারের মধ্যে পড়ে গিয়েছিল ২ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্পটা বলছিলেন ব্রাভো, ‘প্রথম ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলি আমরা। তবে নিজেদের ওপর বিশ্বাস ছিল। আর টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ পর্যন্ত খেললে সবই সম্ভব। ৮১ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও আতঙ্কিত না হয়ে আমরা আমাদের সামর্থ্যের পুরোটা কাজে লাগিয়েছি।’
পাকিস্তান অধিনায়কের বক্তব্য ঠিক এর উল্টো—সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি ব্যাটসম্যানরা। ‘ওয়েস্ট ইন্ডিজের বোলিং ভালো হয়েছে। তবে আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। বাজে শট খেলে আউট হয়েছে অনেক ব্যাটসম্যান। প্রথম ৬ ওভারে ৩-৪টা উইকেট হারিয়ে ফেললে সেখান থেকে ফেরাটা কঠিন’—বলেছেন হাফিজ। শুধু ব্যাটিং নয়, হাফিজ কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বোলারদেরও, ‘শেষ ৪ ওভারে আমরা ৭০-৭১ রান দিয়েছি। ম্যাচটা ওখানেই হাতছাড়া হয়ে যায় আমাদের।’
একে তো এই প্রথমবারের মতো শেষ চারে যেতে পারেনি দল, তার ওপর নিজের ফর্মটাও ভালো যায়নি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে জন্য হতাশা প্রকাশ করলেও পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘ব্যর্থতা মেনে নিয়ে এখান থেকেই আবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৬/৬ (ব্রাভো ৪৬, স্যামি ৪২*, সিমন্স ৩১, স্যামুয়েলস ২০; হাফিজ ১/১৫, আফ্রিদি ১/২৩, তানভীর ১/২৭, বাবর ১/২৭)। পাকিস্তান: ১৭.৫ ওভারে ৮২ (হাফিজ ১৯, মাকসুদ ১৮, আফ্রিদি ১৮; বদ্রি ৩/১০, নারাইন ৩/১৬, সান্টোকি ২/৯, রাসেল ২/১৫)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ডোয়াইন ব্রাভো।

সেমিতে কে কার মুখোমুখি
৩ এপ্রিল শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ মিরপুর সন্ধ্যা ৭টা
৪ এপ্রিল ভারত-দক্ষিণ আফ্রিকা মিরপুর সন্ধ্যা ৭টা