ব্রাভোর ভাই, লারার ভাতিজা
ব্রায়ান লারার সঙ্গে তুলনা মানে যেকোনো ব্যাটসম্যানের জন্যই প্রশংসার চূড়ান্ত। আর সেই ব্যাটসম্যান যদি হন মাত্রই ক্যারিয়ার শুরু করা কেউ, তাহলে তো আনন্দে বিগলিত হয়ে যাওয়ার কথা। অথচ তিনি নির্বিকার, মিরপুরের ইনডোরে ক্রিকেট সরঞ্জাম ব্যাগে ভরতে ভরতে বললেন, ‘শুরু থেকেই এটা শুনে আসছি, উইকেটে আমাকে নাকি ব্রায়ানের মতো দেখায়। আমি আমার মতোই খেলি, কার মতো দেখাল, তা নিয়ে ভাবি না।’ তার মানে এটা কোনো চাপ নয়? প্রশ্ন শুনে যে হাসিটা দিলেন, তাতেই যেন দেওয়া হয়ে গেল উত্তরটা।‘চাপ’ শব্দটার সঙ্গে ওঠা-বসা তো অনেক আগে থেকেই, যখন দেশের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৩, ১৫, ১৯ ক্রিকেটে। নামটাই তাঁকে চাপে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট—ড্যারেন ব্রাভো। নাম শোনামাত্রই যে প্রশ্নটা মাথায় আসবে, সেটাই ঠিক। তিনি ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর ছোট ভাই। ডোয়াইন যখন নিজ দেশে বিশ্বকাপ খেলছেন, ৫ বছরের ছোট ড্যারেন তখন ‘এ’ দলের হয়ে বাংলাদেশে। বিশ্বকাপটা তিনিও খেলতে পারতেন। বিশ্বকাপের ঠিক আগেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন, কিন্তু প্রথম বলে আউট হওয়ার পর বাদ পড়তে হয়েছে। খারাপ লাগছে না? ‘বিশ্বকাপ খেলতে পারলে তো ভালো লাগতই, তবে এখানেও কিন্তু আমি দেশেরই প্রতিনিধিত্ব করছি। বাদ পড়েছি বলে মুষড়ে পড়ব, এমন ক্রিকেটার আমি নই। আমি শুধু সেটা নিয়েই ভাবি, যা আমি নিয়ন্ত্রণ করতে পারব।’ভাবতে পারেন, এটা স্রেফ বলার জন্য বলা। কিন্তু ড্যারেনের একটু গভীরে ঢুকতেই বোঝা গেল, এটা বলেছেন বিশ্বাস থেকেই। বোঝা গেল আর যা-ই হোক, আত্মবিশ্বাসের কোনো কমতি নেই তাঁর। বিখ্যাত ভাইয়ের চাপ প্রসঙ্গে তাঁর উত্তরটা শুনুন, ‘চাপ কে বলল, এটা তো প্রেরণা! ডোয়াইনের সঙ্গে আমার সম্পর্কটা দারুণ, ও সব সময় আমার পাশে আছে। আমাকে প্রচুর সময় দেয়। উপদেশ দেয়, কী করা উচিত, কী নয়। ওর মতো ক্রিকেটারের পাশে থাকাটাই বিশাল এক প্রেরণা। তবে এটাও বলে রাখি, আমি ওকে অনুসরণ করতে যাই না। আমি শুধু সেটাই করার চেষ্টা করি, যেটা আমি পারি।’ মাত্রই একুশ পেরিয়েছেন, অথচ মুগ্ধ করবে তাঁর ক্রিকেট দর্শনও। তাঁকে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই বিবেচনা করা হচ্ছে, এটা নিয়ে তাঁর ভাবনা, ‘আমি স্রেফ ক্রিকেট খেলতে ভালোবাসি। যে ধরনের ক্রিকেটই হোক, শেষ পর্যন্ত মূল জিনিসটা তো ওই একই, ব্যাট-বলের লড়াই। হয়তো আমাকে শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য বিবেচনা করা হচ্ছে। মাত্রই তো ক্যারিয়ার শুরু করলাম, একসময় ঠিকই টেস্টও খেলব।’ভাইয়ের চেয়েও বড় প্রেরণা একটা আছে, বাবা। কখনো শীর্ষ পর্যায়ে ক্রিকেট না খেললেও বাবাই তাঁকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন, ৫ বছর বয়সে ভর্তি করিয়ে দিয়েছিলেন ক্যারিবিয়ানের সবচেয়ে পুরোনো ও বিখ্যাত ক্রিকেট ক্লাবে। এখন অনেক উৎসাহ পান মায়ের কাছ থেকেও। একটি টি-টোয়েন্টির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭টি ওয়ানডেও খেলেছেন, ১টি ফিফটি ছাড়া করতে পারেননি বলার মতো তেমন কিছু। তার পরও নজর কেড়েছেন দুটো কারণে—আক্রমণাত্মক মানসিকতা আর মাঠে লারার মতো চলাফেরা, শট খেলা। প্রসঙ্গটা আবার তুলতেই যা বললেন, সেটা নতুন কিছু আবিষ্কারের মতোই, ‘অনেকেই হয়তো জানেন না লারা সম্পর্কে আমার চাচা। আমার দাদা আর লারার মা ছিলেন ভাইবোন।’এতক্ষণে খোলাসা হলো তাঁর এই উত্তুঙ্গ আত্মবিশ্বাসের রহস্য। লারা-ব্রাভোর ভাইয়ের যদি এমন আত্মবিশ্বাস না থাকে, তবে কার থাকবে!