ব্রাভোর ‘লাকি সেভেন’
১৯৯৩ সালের ৪ জানুয়ারি, সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে ১২১ রানে অপরাজিত ব্রায়ান লারা।২০১১ সালের ৩১ অক্টোবর, মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ১০০ রানে অপরাজিত ড্যারেন ব্রাভো।দুজনেরই প্রথম সেঞ্চুরি, এসেছে টেস্টের তৃতীয় তিনে। মিল বলতে এটুকুই। লারার ছিল সেটি পঞ্চম টেস্ট, আগে ফিফটি ছিল ৩টি। ব্রাভোর দশম টেস্ট, আগে ফিফটি ৬টি। লারার বয়স ছিল ২৩, ব্রাভোর ২২। ওই ইনিংসটিকে লারা নিয়ে গিয়েছিলেন ২৭৭ পর্যন্ত। ব্রাভো অতটা পারবেন না, মোটামুটি নিশ্চিত। সামর্থ্য হয়তো আছে, কিন্তু সময় নেই। ওয়েস্ট ইন্ডিজ আজ অতটা সময় ব্যাট করবে বলে মনে হয় না। ব্রাভো লারার মতো অতটা সহজাত প্রতিভাবানও নন। অর্জনে লারার ধারেকাছে যেতে পারবেন কি না, কে জানে। দুজনকে একই বন্ধনীতে রাখা তাই খুবই দুঃসাহসী কাজ।কিন্তু এই দুঃসাহস সবাই দেখিয়ে আসছে নিয়মিতই। লারার সঙ্গে রক্তের সম্পর্ক আছে (মামা-ভাগনে), সেটা অনেকেই জানেন না। কিন্তু হাঁটাচলা, শরীরী ভাষা, ব্যাটিংয়ের ধরনে দুজনের এতটাই মিল যে তুলনা হয় নিয়মিতই। হেলমেট পরা ব্রাভোকে দেখে লারা বলে ধোঁকা খায় অনেক অভিজ্ঞ চোখও। প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনেও যথারীতি উঠে এল সেই তুলনা। আদর্শকে শ্রদ্ধাভরে স্মরণ করে ব্রাভো বললেন নিজের কথাও, ‘লারা সব সময়ই আমার আদর্শ। ছেলেবেলায় লারা ব্যাটিং করতে থাকলে আমি টিভির সামনে থেকে উঠতাম না, ও আউট হয়ে গেলে খেলতে চলে যেতাম। তবে সত্যি বলতে আমার ব্যাটিংয়ের ধরন এটাই। আমি মাঠে সব সময় নিজেকেই ফুটিয়ে তুলতে চাই।’ক্যারিয়ারের শুরুতেই লারার মতো একজনের সঙ্গে তুলনা যে কারও জন্যই বিশাল এক চাপ। সেই চাপের আঁচ লাগতে শুরু করেছে ব্রাভোর গায়েও। এ নিয়ে খানিকটা আক্ষেপও করলেন কাল, ‘এই প্রশ্নটা আমাকে বারবার শুনতে হয়। যখন আমি পারফর্ম করি, তখন কেউ বলে না চাপ। ব্যর্থ হলেই বলা শুরু হয় চাপে পড়ে গেছি।’ যত সময় যাবে, ব্রাভো হয়তো বুঝতে পারবেন, এটাই এই জগতের নিয়ম। ব্যর্থ হলে চাপের প্রসঙ্গ উঠবে, আবার যখন দারুণ কোনো ইনিংস খেলবেন বলা হবে, ‘ঠিক যেন লারা!’আগের ৯ টেস্টে ৫০ ছুঁয়েছেন ছয়বার, কিন্তু একটিকেও তিন অঙ্কে নিতে পারেননি। পারলেন সপ্তমবারে এসে, ‘সেভেন’ সত্যিই ‘লাকি’ হয়ে এল ব্রাভোর জন্য। প্রথম সেঞ্চুরির পুরো সংবাদ সম্মেলনে এসে কাল একটুও হাসলেন না। সেখান থেকে বেরিয়ে ‘লাকি সেভেন’ শুনেই একটু হাসলেন, ‘‘উম্মম...হ্যাঁ, এখন লাকি সেভেন বলাই যায়। তবে সেঞ্চুরিটা না হলে বলতাম আনলাকি সেভেন।’আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা উৎসর্গ করলেন দুজন বিশেষ মানুষকে, ‘আমি জানতাম, বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে। নিজের ওপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করে গেছি। আজ শুরু থেকেই মেরে খেলেছি, কারণ আমার কাছে আক্রমণই সেরা রক্ষণ। আজ দুজন মানুষকে আমি এখানে মিস করছি, আমার মা-বাবা। সেঞ্চুরিটা তাঁদের উৎসর্গ করছি।’বহুকাঙ্ক্ষিত সেঞ্চুরিটা ছুঁয়েছেন দিনের শেষ বলে ২ রান নিয়ে। তবে জানালেন তাড়া ছিল না, ‘আমি সঠিক বলের জন্য অপেক্ষা করছিলাম। শেষ বলটা ব্যাক অব লেংথ ছিল, মারার পর চার হচ্ছে ভেবে আমি আগেই উদ্যাপন শুরু করেছিলাম। যা হোক, সেঞ্চুরি হয়েছে, আমি খুশি।’ সিডনিতে লারার ওই ইনিংসটা ছিল নতুন এক মহাতারকার আগমনী। ব্রাভো মোটামুটি তারকা হয়েই আছেন, ক্রমাগত তলানির দিকে যেতে থাকা দলের বড় ব্যাটিং ভরসাও। মহাতারকা হতে পারবেন কি না, সেটা বলবে সময়। হয়তো সেই পথেই যাত্রা শুরু হলো এবার!