ব্রাভোর ‘শিক্ষক’ ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক দিন পরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হতে হবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডোয়াইন ব্রাভো ও ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তবে এ মুহূর্তে ধোনির কাছ থেকেই অধিনায়কত্বের পাঠ নিচ্ছেন ব্রাভো। আইপিএলে সতীর্থ হওয়ার সুবাদে এই সময়ের অন্যতম সেরা অধিনায়ক ধোনির কাছ থেকে অনেক কিছু শিখতে পারছেন বলে মন্তব্য করেছেন উইন্ডিজ অলরাউন্ডার ব্রাভো।আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নির্বাচন করা হয়েছে ডোয়াইন ব্রাভোকে। গ্রুপ পর্বের ম্যাচেই ধোনির নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আর ভারতের বিপক্ষে জয়ের জন্য কীভাবে দলকে নেতৃত্ব দিতে হবে, সেই শিক্ষাটা ধোনির কাছ থেকে নিচ্ছেন বলে জানিয়েছেন ডোয়াইন ব্রাভো। তিনি বলেছেন, ‘ধোনি যেভাবে মাঠের বাইরে ও ভেতরে নিজেকে উপস্থাপন করে, তা থেকে আমি অনেক কিছু শিখেছি। ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে তার সঙ্গে। তার নেতৃত্বে খেলতে পেরে আমি আনন্দিত। ধোনির কাছ থেকে অধিনায়কত্ব বিষয়ে শিক্ষা নেওয়াটা আমি উপভোগও করি।’ আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে খেলছেন ধোনি ও ব্রাভো।আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দেশকে নিয়ে আগামী ৬ জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ‘বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী তিন দলের বিপক্ষে লড়াই করে গ্রুপ পর্বের বাধা পেরোতে হবে ক্যারিবিয়ানদের। কাজটা খুবই কঠিন বলে স্বীকার করলেও শিরোপা জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন ব্রাভো। তিনি বলেছেন, ‘জেতাটা খুব সহজ হবে না। নিশ্চিতভাবেই আমরা একটা শক্ত গ্রুপের অন্তর্ভুক্ত হয়েছি। কিন্তু আমরা একটা একটা করে ম্যাচ জেতার চেষ্টা করব আর শিরোপা জয়ই আমাদের চূড়ান্ত লক্ষ্য।’এখন ধোনির কাছ থেকে শেখা অধিনায়কত্বের পাঠ ব্রাভো মাঠে কতটা কাজে লাগাতে পারবেন, সেটাই দেখার বিষয়।— পিটিআই