ব্রায়ান ভাইদের আরেক কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণ হলো‘গোল্ডেন স্লাম’।ট্রফি হাতে ব্রায়ান ভাইদের উচ্ছ্বাস ছবি: রয়টার্স
পূর্ণ হলো‘গোল্ডেন স্লাম’।ট্রফি হাতে ব্রায়ান ভাইদের উচ্ছ্বাস ছবি: রয়টার্স

ব্রায়ানস এক্সপ্রেস ছুটছেই। বব ও মাইক ব্রায়ার্ন গত বছর জিতেছিলেন ইউএস ওপেন। অস্ট্রেলিয়ার এই যমজ ভাইদের জুটি এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেনের পর গত রাতে জিতল উইম্বলডন। টানা চারটি গ্র্যান্ড স্লাম জিতে দুই ভাই পূর্ণ করলেন ‘গোল্ডেন স্লাম’। ১৯৫২ সালের পর টেনিস দ্বৈতে এমন কৃতিত্ব এই প্রথম। বিরল কীর্তি বলেই এর নাম বলা হচ্ছে ‘গোল্ডেন ব্রায়ান স্লাম’!

উচ্চতায় মাইকের চেয়ে তিন সেন্টিমিটার লম্বা বব। পার্থক্য বলতে এই এতটুকুই। বাকি সবকিছুতেই মিল। সবচেয়ে বড় মিল তো অবশ্যই দুজনের চেহারায়। বব ব্রায়ান ও মাইক ব্রায়ান যে যমজ। যাকে বলে ‘আইডেন্টিকাল টুইন’। বয়সে মাত্র দুই মিনিটের ছোট-বড়। মাইক বড়, আর বব ছোট। টেনিস বিশ্ব একনামে তাঁদের চেনে ‘ব্রায়ান ব্রাদার্স’ নামে। রাইট-ভ্রাতৃদ্বয়কে ইতিহাস মনে রেখেছে উড়োজাহাজ আবিষ্কারের জন্য। ব্রায়ান ভাইদেরও মনে রাখবে ইতিহাস—টেনিসের পুরুষ দ্বৈতে তাঁদের অবিস্মরণীয় কীর্তির জন্য।

মার্কিন যমজ ভাইদের এই টেনিস জুটির নাম ইতিহাসের পাতায় উঠে গেছে আগেই। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ দ্বৈতে (ওপেন যুগে) সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েন বব ও মাইক। সেটি ছিল তাঁদের ১৩তম শিরোপা। গত মাসে জেতেন ফ্রেঞ্চ ওপেন দ্বৈতের শিরোপা। গত রাতে দেখা পেলেন ১৫তম গ্র্যান্ড স্লামের।

ব্রায়ান ভাইদের কাছে শিরোপা যেন মায়ের হাতের মোয়া। গত বছর দুজনে জিতেছেন অলিম্পিক সোনা। সাফল্যের ভেলায় ভাসার আনন্দ তাঁদের কাছে নতুন নয়। তবে গত রাতে টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়ের পর উচ্ছ্বাসটা একটা বেশিই মনে হচ্ছে তাঁদের। বড় ভাই মাইক বলছিলেন, ‘টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন দেখাও কঠিন। এটা এমন কিছু, যা কখনোই ভাবিনি আমরা। এ বছরটা বিস্ময়কর কাটছে। কখনোই এতটা ধারাবাহিক ছিলাম না। ৩৫ বছর বয়সে মনে হচ্ছে, ফর্মের চূড়ায় আছি আমরা।’ সাফল্যের নেপথ্যের কথাটা বললেন ছোট ভাই বব, ‘এখানে এতটা ভালো খেলার কারণ, সবকিছুই পেয়ে গেছি আমরা। এখন সব আমাদের কাছে বোনাস। যদি আজ অবসরও নিই, মনে হবে সব পেয়েছি আমরা।’

বব ও মাইকের চেহারা নিয়ে কৌতূহলের শেষ নেই। চেহারার মতো অদ্ভুত মিল রয়েছে তাঁদের সবকিছুতেই। একজন নাকি আরেকজনের শ্বাস-প্রশ্বাস পর্যন্ত অনুভব করতে পারেন! আবার খ্যাতির উচ্চ শিখরে উঠেও তাঁরা একে-অন্যের ছায়াসঙ্গী। নিজেদের এমন উচ্চতায় নিয়ে গেছেন, এখন তাঁরা টেনিস কোর্টে নামা মানেই ইতিহাস। টেনিস দ্বৈতে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি টুর্নামেন্ট, সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম—সবই তাঁদের দখলে।

যমজ বলেই দুজন মানিকজোড় হয়ে ছিলেন ছোট্টটি থেকেই। শৈশবে বব ও মাইক কখনোই টেনিসের কোনো একক ম্যাচে অংশ নেননি। মা-বাবাই তাঁদের আলাদা হয়ে খেলতে দেননি। সেই থেকে শুরু। দুজনের বোঝাপড়াটাও তাই দুর্দান্ত।

বব ও মাইক ব্রায়ানের জন্ম ১৯৭৮ সালের ২৯ এপ্রিল। মা ক্যাথি ব্রায়ান ছিলেন টেনিস খেলোয়াড়। বাবা ওয়েন আইন ব্যবসার পাশাপাশি ছিলেন টেনিস প্রশিক্ষক। দুই ভাইয়ের হাতে টেনিস র্যাকেট তুলে দেওয়া হয়েছিল দোলনায় থাকতেই! ছয় বছর বয়সে একটা অনূর্ধ্ব-১০ টুর্নামেন্ট জিতে যাত্রা শুরু। বাকিটা তো ইতিহাস। সূত্র: রয়টার্স।