ব্রায়ানস এক্সপ্রেস ছুটছেই
উচ্চতায় মাইকের চেয়ে তিন সেন্টিমিটার লম্বা বব। পার্থক্য বলতে এই এতটুকুই। বাকি সবকিছুতেই মিল। সবচেয়ে বড় মিল তো অবশ্যই দুজনের চেহারায়। বব ব্রায়ান ও মাইক ব্রায়ান যে যমজ। যাকে বলে ‘আইডেন্টিকাল টুইন’। বয়সে মাত্র দুই মিনিটের ছোট-বড়। মাইক বড়, আর বব ছোট। টেনিস বিশ্ব একনামে তাঁদের চেনে ‘ব্রায়ান ব্রাদার্স’ নামে। রাইট-ভ্রাতৃদ্বয়কে ইতিহাস মনে রেখেছে উড়োজাহাজ আবিষ্কারের জন্য। ব্রায়ান ভাইদেরও মনে রাখবে ইতিহাস—টেনিসের পুরুষ দ্বৈতে তাদের অবিস্মরণীয় কীর্তির জন্য।মার্কিন যমজ ভাইদের এই টেনিস জুটির নাম ইতিহাসের পাতায় উঠে গেছে আগেই। এবার নিজেদেরও ছাড়িয়ে গেলেন তাঁরা। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ দ্বৈতে (ওপেন যুগে) সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েন বব ও মাইক। সেটি ছিল তাঁদের ১৩তম শিরোপা। পাঁচ মাসের কম সময়ের ব্যবধানে আরেকটা গ্র্যান্ড স্লামের দেখা পেয়েছেন তাঁরা। গতকাল শনিবার নিকোলা মাহুত-মাইকেল লোডরা জুটিকে ৬-৪, ৪-৬, ৭-৬ (৪) গেমে হারিয়ে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন দ্বৈতের শিরোপা।ব্রায়ান ভাইদের কাছে শিরোপা যেন মায়ের হাতের মোয়া। তবে ফ্রেঞ্চ ওপেন কেন জানি তাঁদের শাসন মানছিল না। রোলাঁ গারোঁতে প্রথম শিরোপা জিতেছিলেন ২০০৩ সালে। এরপর কেবলই অপেক্ষা! সেই অপেক্ষা ঘুচল ১০ বছর পর। বড় ভাই মাইকের কণ্ঠেও তাই অপেক্ষা ঘুচানোর উচ্ছ্বাস, ‘এ জয়টা অসাধারণ। আমরা শুধু আরেকটা ফ্রেঞ্চ ওপেন জিততে চাইছিলাম। সেটা পেলাম ১০ বছর পর।’বব ও মাইকের চেহারা নিয়ে কৌতূহলের শেষ নেই। চেহারার মতো অদ্ভুত মিল রয়েছে তাঁদের সবকিছুতেই। একজন নাকি আরেকজনের শ্বাস-প্রশ্বাস পর্যন্ত অনুভব করতে পারেন! আবার খ্যাতির উচ্চ শিখরে উঠেও তাঁরা একে-অন্যের ছায়াসঙ্গী। নিজেদের এমন উচ্চতায় নিয়ে গেছেন, এখন তাঁরা টেনিস কোর্টে নামা মানেই ইতিহাস। টেনিস দ্বৈতে সবচেয়ে বেশি ম্যাচ, সবচেয়ে বেশি টুর্নামেন্ট, সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম—সবই তাঁদের দখলে। জিতেছেন অলিম্পিক সোনাও।যমজ বলেই দুজন মানিকজোড় হয়ে ছিলেন ছোট্টটি থেকেই। শৈশবে বব ও মাইক কখনোই টেনিসের কোনো একক ম্যাচে অংশ নেননি। মা-বাবাই তাঁদের আলাদা হয়ে খেলতে দেননি। সেই থেকে শুরু। দুজনের বোঝাপড়াটাও তাই দুর্দান্ত।বব ও মাইক ব্রায়ানের জন্ম ১৯৭৮ সালের ২৯ এপ্রিল। মা ক্যাথি ব্রায়ান ছিলেন টেনিস খেলোয়াড়। বাবা ওয়েন আইন ব্যবসার পাশাপাশি ছিলেন টেনিস প্রশিক্ষক। দুই ভাইয়ের হাতে টেনিস র্যাকেট তুলে দেওয়া হয়েছিল দোলনায় থাকতেই! ছয় বছর বয়সে একটা অনূর্ধ্ব-১০ টুর্নামেন্ট জিতে যাত্রা শুরু। বাকিটা তো ইতিহাস।রেকর্ডের পাতায় পাতায় ছড়ানো তাঁদের নাম। ৮৯টি ট্যুর টাইটেল জিতে ব্রায়ান ব্রাদার্স ছাড়িয়ে গেছেন দুই অস্ট্রেলিয়ান টড উডব্রিজ ও মার্ক উডফোর্ডকে। পূর্ণ করেছেন ক্যারিয়ার গোল্ডেন স্ল্যাম। এ ছাড়া, তিনটি টেনিস মাস্টার্স কাপ, ২০১২ সালের অলিম্পিক সোনা, ২০০৭ সালের ডেভিস কাপ জিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই দুই ভাই। সেই মুকুটে কাল যুক্ত হলো আরেকটি পালক।ব্রায়ানস এক্সপ্রেস ছুটছেই!