ব্রায়ান ভাইয়েরা ছুটছেনই
সবার নজর জোকোভিচ, মারে, বারতোলিদের দিকে। কিন্তু সবার অলক্ষ্যে দুর্দান্ত এক কীর্তি গড়ে ফেললেন ব্রায়ান ভাইয়েরা। ক্রোয়েশিয়ার ইভান দদিগ ও মার্সেলো মেলোকে ৩-৬, ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে গত পরশু বব ব্রায়ান ও মাইক ব্রায়ান জিতেছেন উইম্বলডনে পুরুষদের দ্বৈত শিরোপা। উন্মুক্ত যুগে এই প্রথম কোনো জুটি টানা চারটি গ্র্যান্ড স্লামের পুরুষ দ্বৈত শিরোপা জিতল। উন্মুক্ত যুগের আগে ১৯৫১ সালে সর্বশেষ কীর্তিটা গড়েছিলেন কেন ম্যাকগ্রেগর ও ফ্রাঙ্ক সেজম্যান।এ নিয়ে ক্যারিয়ারে ২৫টি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলে ১৫টিতে জিতলেন ব্রায়ান ভাইয়েরা। গ্র্যান্ড স্লামে টানা ২৪ ম্যাচে তাঁরা অপরাজিত। গত বছরের লন্ডন অলিম্পিক থেকে যে জয়যাত্রা শুরু, সেটা চলছেই। কিন্তু কোথায় গিয়ে থামবেন দুই ভাই? মাইক বললেন, তাঁদের লক্ষ্য ২০১৬ সালের রিও অলিম্পিকও, ‘সম্ভবত ১০০টি শিরোপা জিততে চাইব। আমার মনে হয় আজকেরটা ৯১তম ছিল। তারপর হয়তো ১০ বারের মতো শীর্ষে থেকে বছর শেষ করব। এই বছরটা নবম হতে যাচ্ছে। এরপর আমরা রিওতে আরেকটা পদক জয়ের চেষ্টা করব।’ যমজ ভাইদের বয়স এখন ৩৫, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি খেলে চলেছেন তাঁরা! এএফপি।