
রিও অলিম্পিকের আয়োজকদের উদ্বেগ কমছে না। এমনিতেই জঙ্গি হামলার আশঙ্কা, অলিম্পিক ভিলেজের নানা সমস্যা আয়োজকদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। তার মধ্যে আবার এসে গেল পুরোনো আরেকটি ঝামেলা—জিকা ভাইরাস। অনেক অলিম্পিয়ানই এটিকে কারণ দেখিয়ে যাচ্ছেন না রিওতে। তালিকাটা লম্বা হলো আরেকটু, রিওতে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের দুই ব্রায়ান ভাই, বব ও মাইক ব্রায়ান।
সরাসরি জিকা ভাইরাসের কথা অবশ্য বলেননি ২০১২ অলিম্পিক টেনিসের দ্বৈতে সোনাজয়ীরা। তবে ফেসবুকে নিজেদের পেজে স্বাস্থ্যগত ঝুঁকিকেই না যাওয়ার কারণ দেখিয়েছেন বব ব্রায়ান, ‘ঘণ্টার পর ঘণ্টা বিবেচনার পর আমি ও মাইক রিও অলিম্পিকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খেলার ইচ্ছা ছিল, কিন্তু স্বামী ও পিতা হিসেবে, পরিবারের স্বাস্থ্যই আমাদের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে।’
এর আগে টেনিস খেলোয়াড়দের মধ্যে মিলোস রাওনিচ, টমাস বার্ডিচ, ডমিনিক থিয়েম জিকা ভাইরাসকে কারণ দেখিয়ে রিও অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন। জেসন ডে, জর্ডান স্পিথ, ডাস্টিন জনসন, ররি ম্যাকইলরয়ের মতো গলফের বড় তারকারাও সরে দাঁড়িয়েছেন একই কারণে। এএফপি।