ব্রিংব্যাকওয়ার্ন ডট কম
শেষ টেস্ট ম্যাচটি খেলেছেন তিন বছর আগে। এরপর শেন ওয়ার্নের ক্রিকেট মানে টি-টোয়েন্টি। সর্বশেষ আইপিএলেও খেলেছেন আট মাস হয়ে গেল। সেই ওয়ার্নের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে সে কী হুলুস্থুল। অবশ্য এ সবই হচ্ছে সমর্থকদের মধ্যে। ওয়ার্ন নিজে এ ধরনের আলোচনায় স্বভাবসুলভ ভড়ং ধরে বসে আছেন। ফিরবেন কি না এ নিয়ে যেন একটা রহস্য জমিয়ে তুলতে চান। পরশু ওয়ার্ন আবার গিয়েছিলেন লন্ডন। সেখানে ইংলিশ মিডিয়া ছেঁকে ধরেছিল। ওয়ার্ন মুখ খোলেননি। রহস্য বাড়াতে নিজের টুইটারে দ্ব্যর্থবোধক মন্তব্যও করেছেন। তবে ৪১ বছর বয়সী এই কিংবদন্তি স্পিনারের ফেরার ইচ্ছা থাকুক আর না-ই থাকুক তাঁকে ফেরানোর চেষ্টা অন্তত চলছে। ব্রিংব্যাকওয়ার্ন ডট কম নামের যে ওয়েবসাইটটি খোলা হয়েছে তাতে গতকাল পর্যন্ত জমা পড়েছে প্রায় সাড়ে চার হাজার ডলার। ওয়েবসাইটটির লক্ষ্য ১০ লাখ অস্ট্রেলীয় ডলার জোগাড় করা। সেই টাকা তাঁরা দেবেন ওয়ার্নকে, যদি ওয়ার্ন আবার ফিরে আসেন।ওয়ার্ন চাইলেই দলে ফিরলেন, ব্যাপারটা এমন সহজ নয়। তিন বছর ধরে একটিও তিন কিংবা চার দিনের ম্যাচ না খেলা একজন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা দলে ফেরাবেন, এটা ভাবতে গেলে একটু বেশি কল্পনাপ্রবণ হতে হয়। ব্রিংব্যাকওয়ার্ন ডট কম-এর উদ্যোক্তারা বাস্তবতাটি বোঝেন কি না, কে জানে। আপাতত তাঁরা খুশি মানুষের সাড়া পেয়ে। টাকার অঙ্ক একটু কম হয়ে গেছে। তবে যেভাবে সারা বিশ্ব থেকে তাদের সাইটে মানুষ খোঁজ নিচ্ছে, অন্যতম উদ্যোক্তা রস ওয়েউড রীতিমতো মুগ্ধ। ওয়েউড কথা দিয়েছেন, ওয়ার্ন যদি শেষ পর্যন্ত না ফেরেন তাহলে যে যত টাকা দান করেছেন, সেটি ফিরিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট।