ব্রিজটাউনের নিয়ন্ত্রণ ক্যারিবীয়দের হাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইল জারভিসের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের লিডটা আহামরি হয়নি। অধিনায়ক ড্যারেন স্যামি উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ রামদিনকে সঙ্গী করে দুর্দান্ত জুটিটি না গড়লে ম্যাচের পরিস্থিতি হয়ত অন্যরকম হতো। স্যামির ৭৩ ও রামদিনের ৬২ রানের দুটি ইনিংস ১৫১ রানে ৬ উইকেট হারিয়ে বসা ক্যারিবীয়দের স্কোরকে তিনশ পেরোতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ৯৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ব্যাটিংও থরহরি কম্পমান। দিনের শেষে চৌদ্দ ওভারের মতো ব্যাট করা জিম্বাবুয়ে ৪১ রান তুলতেই হারিয়ে বসেছে ৩ উইকেট। ৯৬ রানের ঘাটতি ৫৫ রানে নামিয়ে নিয়ে আসলেও বাকী ৭ উইকেট নিয়ে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে কী ধরনের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিতে পারবে, সেটা সময়ই ভালো বলতে পারবে। আপাতত বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠানরত সিরিজের প্রথম টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণ ক্যারিবীদের হাতেই।জিম্বাবুয়ের বোলিংটা ভালোই হয়েছে। কাইল জারভিস নিজের বোলিং প্রমাণ করেছেন। টেন্ডাই চাতারা, হ্যামিলটন মাসাকাদজা ও রেমন্ড প্রাইস সাধ্যমতো নিজেদের উজার করেই দিয়েছেন। জিম্বাবুইয়ানদের ২১১ রানের মামুলি সংগ্রহের জবাবে গেইল, স্যামুলেস, ব্রাভোদের নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজের ৩০৭কে বড় ধরনের সংগ্রহ বলতে নারাজ থাকবেন অনেকেই। কিন্তু জিম্বাবুইয়ান টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ক্ষেত্র প্রস্তুত হয়েও লড়াইটা জমলনা। লড়াই জমিয়ে দিতে আজ টেস্টের তৃতীয় দিনটা হতে হবে একান্তই জিম্বাবুইয়ানদের। কিন্তু ১৪ মাস পর টেস্ট খেলতে নামা জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা নিজেদের কতটুকু মেলে ধরতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। রয়টার্স।