ব্রিটিশ গণমাধ্যমে ফুটবল দল নিয়ে তোলপাড়

কোস্টারিকার বিপক্ষে ইতালির ম্যাচে মাঠে খেলছিল দুই দল।কিন্তু এই দুই দলের চেয়েও উত্কণ্ঠায় ছিল মাঠের বাইরের দল ইংল্যান্ড।ইতালির জয়ের জন্য বোধ হয় দলটির চেয়ে বেশি প্রার্থনা করছিল তারাই।কোস্টারিকার হারই যে পারত বিশ্বকাপে ইংল্যান্ডের টিকের থাকার শেষ আশাটুকু জিইয়ে রাখতে।
কোস্টারিকার অপ্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে পরের ম্যাচে মাঠে নামার আগেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান।৫৬ বছর পর গ্রুপপর্বেই বিদায় নিতে হচ্ছে ইংল্যান্ডকে।তাই ইংল্যান্ড সমর্থকদের মতো ব্রিটিশ গণমাধ্যমও ক্ষুব্ধ।তাদের দৃষ্টিতে, বোকার মতো ভ্যাবাচ্যাকা খেয়ে বিদায় নিচ্ছে ইংল্যান্ড।
বরাবরের মতো দলের ব্যর্থতার পর বলির পাঁঠা খোঁজা শুরু করেছে ব্রিটিশ পত্রিকাগুলো।তালিকায় যেখানে প্রথম নামটিই কোচ রয় হজসনের।ইংল্যান্ড দলের যেকোনো ব্যর্থতার রোষ সব সময় গিয়ে পড়েছে কোচের ওপর।কিন্তু ইতালি-কোস্টারিকা ম্যাচ শেষ হওয়ার ৩৫ মিনিট আগে বিশ্বকাপের পরেও হজসনকেই কোচের দায়িত্বে রাখার ঘোষণা দেয় ইংল্যান্ডের জাতীয় ফুটবল সংস্থা এফএ।এতে এফএর ওপরও ক্ষোভে ফেটে পড়েছে গণমাধ্যমগুলো।
ডেইলি মেইল কঠোর ভাষায় লিখেছে, হজসনকে আরও দুই বছর দায়িত্বে রাখার সিদ্ধান্ত সমর্থকদের ভালোবাসার অবমাননা।পত্রিকাটি ক্ষোভ উঘরে দিয়েছে আরও কঠোর ভাষায়, ‘যা হয়েছে, আমরা এটারই যোগ্য।আমাদের আচরণ এমন যেন বিশ্বকাপে অংশগ্রহণ করতে পেরেই আমরা খুশি।’
কোস্টারিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জিতে ইংল্যান্ড একটি ম্যাচ অন্তত জিতে বিদায় নেবে, এমন আশাও করছে না পত্রিকাটি।
ডেইলি টেলিগ্রাফ-এর মতে, ইংল্যান্ড দল, কোচ হজসন এবং এফএ সবার উচিত সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া।পত্রিকাটি লিখেছে, ‘সমর্থকেরা খুব বেশি কিছু চায় না, কিন্তু যা পেয়েছে এত কম কিছুও দেখতে চায় না।নকআউট পর্বের আগেই ছিটকে যাওয়া মানে আসল বিশ্বকাপ শুরুর আগেই বিদায় নেওয়া, যা সমর্থকদের জন্য লজ্জাজনক এক অভিজ্ঞতা।’
কোস্টারিকার সঙ্গে হেরে যাওয়ার পর ইংল্যান্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন খোদ ইতালি কোচ সিজারে প্রানদেল্লিওর, ‘আমরা ইংল্যান্ডের জন্য খুব দুঃখিত, যদিও নিজেদের জন্য দুঃখটা আরও বেশি।আমরা ইংল্যান্ডের জন্য নয়, নিজেদের জন্যই জিততে চেয়েছিলাম।নিজেদের জন্য জিততেও ব্যর্থ হওয়ায় ইংল্যান্ডের জন্য আলাদা কিছুই বলার নেই।’