ব্রিটিশদের অপেক্ষা ফুরোবে এবার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
wimbledon
wimbledon

গত বছর ফাইনালে উঠেও হেরেছিলেন। বিশ্ব দেখেছিল গ্র্যান্ড স্লাম স্বপ্নভঙ্গের বেদনায় আরও একবার মারের কান্না। এবার আর চোখের জল ফেলতে চান না। ৭ জুলাই শিরোপা জিতেই ব্রিটিশদের ৭৭ বছরের অপ্রাপ্তির বেদনা ধুয়ে ফেলতে চান অ্যান্ডি মারে। ব্রিটেনের খেলোয়াড় হিসেবে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ফ্রেড পেরি, এই উইম্বলডনেই ১৯৩৬ সালে। অবশেষে গত বছর ইউএস ওপেন জিতে ব্রিটিশদের ৭৬ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন মারে। কিন্তু ঘরের টুর্নামেন্ট উইম্বলডনের শিরোপা না-পাওয়ার কষ্টটা ব্রিটিশদের এখনো রয়েই গেছে। এবার এই অপেক্ষার যন্ত্রণাটাও ধুয়েমুছে দিয়ে দেশবাসীকে শিরোপা আনন্দে ভাসাতে চান মারে। আজ শুরু হচ্ছে উইম্বলডনের ১২৭তম আসর। ২৬ বছর বয়সী স্কটিশ কোর্টে নামছেন শিরোপাকেই পাখির চোখ করে। মারে পারবেন? গত বছর রজার ফেদেরারের কাছে ফাইনালের হারটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে তাঁকে। প্রথম সেট জিতেও শেষ পর্যন্ত লড়াই করে হার। মারের দাবি, ওই হারটা তাঁর ক্যারিয়ারটাই বদলে দিয়েছে, ‘আমি মনে করি, গত বছরের উইম্বলডনের ফাইনালটা ছিল আমার জন্য গুরুত্বপূর্ণ।’ মারেকে ঘিরে ব্রিটিশদের প্রত্যাশা তাই উঁচুতে। সেটা আরও চড়িয়ে দিলেন মারে নিজেই। যদিও তিনি ভালো করেই জানেন, শিরোপার পথটা বড় পিচ্ছিল।

সেমিফাইনালেই তাঁকে পড়তে হবে চ্যাম্পিয়ন ফেদেরার কিংবা নাদাল নামের বাধার সামনে। এবারও উইম্বলডনটা ফেদেরারের জন্য এসেছে চ্যালেঞ্জ হয়ে। কারণ, গত বছরের উইম্বলডনের শিরোপার পর আর কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালেই উঠতে পারেননি রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী। বয়সের ভারটা বুঝতে পারলেও প্রিয় কোর্ট বলেই হয়তো, উইম্বলডনে রেকর্ড অষ্টম শিরোপার লক্ষ্যে ফেদেরার প্রচণ্ড আত্মবিশ্বাসী। কিন্তু সমস্যা হলো কোয়ার্টার ফাইনালেই তাঁকে নাদালের মুখোমুখি হতে হবে। গত বছর চোট নিয়ে খেলতে নেমে দ্বিতীয় রাউন্ডেই হেরে যান নাদাল। এরপর সাত মাস কোর্টেই নামতে পারেননি। আরেকটি উইম্বলডনের দরজায় দাঁড়িয়ে নাদাল বললেন, ঝুঁকিটা নিয়ে বড় ভুল করেছিলেন। ঘটনা হলো, এবারও হাঁটুর চোট নিয়ে পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। যদিও ফেব্রুয়ারিতে কোর্টে ফিরেই জাদু দেখিয়ে যাচ্ছেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড অষ্টম শিরোপাজয়ী নাদাল উইম্বলডনেও ফেবারিট।

ড্র ভাগ্যে ২০১১ সালের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ পেয়েছেন মসৃণ পথ। মারে, ফেদেরার, নাদালরা আরেক অর্ধে পড়ায় ফাইনালের আগে কঠিন কোনো পরীক্ষায় পড়তে হবে না তাঁকে।

মেয়েদের এককে এবারও মূল ফোকাসটা থাকছে চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের ওপর। মারিয়া শারাপোভাও শিরোপার বড় দাবিদার। ২০০৪ সালে এই উইম্বলডনেই সেরেনাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ১৭ বছর বয়সী শারাপোভা। সেই স্মৃতি তো আসছেই, সেরেনা-শারাপোভা লড়াইটাকে উত্তপ্ত করে তুলছেন একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ করে। একে অন্যের প্রেমের সম্পর্ক নিয়ে বিদ্রূপে মেতেছেন দুজনই। প্রেম করে বেড়াচ্ছেন শিরোপার আরেক দাবিদার ভিক্টোরিয়া আজারেঙ্কাও। কিন্তু সেরেনা-শারাপোভার মতো কেচ্ছাকাহিনিতে নিজেকে জড়াতে রাজি নন বেলারুশের মেয়ে। তাঁর মনোযোগ শুধুই কোর্টে। এএফপি।