ব্রিসবেনে বৃষ্টির দিন
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনটি কেড়ে নিয়েছে বৃষ্টি। বৃষ্টির বাধার কারণে আজ শনিবার মাঠে গড়ায়নি একটি বলও। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খেলা শুরুর নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে শুরু হয় বৃষ্টি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর অবশেষে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি চলছিল। রয়টার্স আরও জানিয়েছে, আগামীকাল তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই শুরু হবে।এদিকে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট ম্যাচের পুরো দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার এই ঘটনা ঘটল ১৪ বছর পর। সর্বশেষ ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার বক্সিং ডে টেস্টের পুরো একটা দিন কেড়ে নিয়েছিল বৃষ্টি। এর আগে ১৯৮৩ সালে একই ঘটনা ঘটেছিল এই ব্রিসবেনে।গতকাল প্রথম দিনের খেলা আগেভাগে শেষ হয়েছিল আলোক-স্বল্পতার কারণে। না হলে গতকালই সেঞ্চুরির দেখা পেয়ে যেতে পারতেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও জ্যাক ক্যালিস। প্রথম দিনে চোট পাওয়া পল ডুমিনি গোটা সফর থেকেই ছিটকে পড়েছেন। এ কারণে ১০ জন ব্যাটসম্যান নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে এ টেস্টে খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ক্রিকেটের আইন অনুযায়ী, দ্বাদশ খেলোয়াড় ব্যাটিং, বোলিং, উইকেটকিপিং কোনোটিই করতে পারেন না। শুধু ফিল্ডিং করতে পারেন।টেস্টের দুই দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২৫৫ রান। আমলা ৯০ ও ক্যালিস ৮৪ রানে অপরাজিত আছেন। টস জিতে এ ম্যাচে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ২৫৫/২আমলা ৯০*, ক্যালিস ৮৪*, পিটারসেন ৬৪প্যাটিনসন ১/৫৩, লিওন ১/৬১(দ্বিতীয় দিনের খেলা শেষে)