ব্রুনোর ২২ বছরের জেল!
বান্ধবী খুনের দায় নিয়ে আপাতত জামিনে মুক্ত অস্কার পিস্টোরিয়াস। তাঁর কপালে কী আছে সেটা সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে একই রকম অপরাধ করে ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো ফার্নান্দেসের ২২ বছরের জেল হয়েছে। আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য অনেকের চোখেই ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি। কিন্তু আপাতত জেলের ঘানিই টানতে হচ্ছে এই ২৮ বছর বয়সী ফুটবলারকে।ব্রাজিলে দারুণ জনপ্রিয় ফ্ল্যামেঙ্গো থেকে বরখাস্ত গোলরক্ষক ব্রুনোর বিরুদ্ধে বান্ধবী এলিজা সামুদিওকে খুন করার অভিযোগ ওঠে। নিজ সন্তানের এই জননীকে শুধু খুনই করেননি, সামুদিওর দেহ নাকি টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়ানোর বীভৎস ঘটনার জন্মও দিয়েছেন। শ্বাসরোধ করে হত্যার পর কুকুরকে খাওয়ানোর কথা স্বীকার করলেও এই অপরাধের দায় অবশ্য নিজের কাঁধে নেননি ব্রুনো। বরং এই মামলার অন্য দুই আসামির ওপর চাপিয়ে দিয়েছেন। যদিও আদালত তাঁকে দীর্ঘমেয়াদি সাজাই দিল শেষ পর্যন্ত। এই হত্যাকাণ্ড এবং মামলাটি ব্রাজিলে বেশ আলোড়ন তুলেছে। ওয়েবসাইট।